বিশ্বের ৪৫টির বেশি দেশের তিন শতাধিক প্রতিনিধি, নীতিনির্ধারক ও সিনিয়র কর্মকর্তা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে চাঙ্গি এভিয়েশন সম্মেলন। সিঙ্গাপুরে দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হচ্ছে আজ। খবর দ্য স্ট্রেইটস টাইমস।
সম্প্রতি এক বিবৃতিতে সিভিল এভিয়েশন অথরিটি অব সিঙ্গাপুর (সিএএএস) জানায়, কভিড-১৯ মহামারীর সংক্রমণ শুরুর পর চাঙ্গি এভিয়েশন সম্মেলন এ অঞ্চলের প্রথম উড়োজাহাজ পরিবহন খাতসংক্রান্ত আয়োজন। নভেল করোনাভাইরাসের কারণে বিশ্বের উড়োজাহাজ খাতে বিরূপ প্রভাব পড়েছিল। এ অবস্থা থেকে উত্তরণকালীন সম্মেলনের বিষয়টি প্রকাশ্যে আসে। কভিড-১৯ পরবর্তী সময়ে সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে তাদের সীমান্তসংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করছে এবং ফ্লাইটের সংখ্যা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসছে।
সিএএস ও দেশটির পরিবহন মন্ত্রণালয় (এমওটি) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে। সিঙ্গাপুরের স্যান্ডস এক্সপো ও কনভেনশন সেন্টারে এটি অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন দেশের পরিবহনমন্ত্রী, সিভিল এভিয়েশনের সিনিয়র কর্মকর্তাসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, এয়ারপোর্ট, এয়ারলাইনস, উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এবং এয়ার নেভিগেশন সার্ভিস প্রদানকারীরাও সম্মেলনে উপস্থিত থাকবেন।
সিঙ্গাপুরের পরিবহন মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি ও সম্মেলনটির আয়োজক কমিটির প্রধান কেভিন শাম বলেন, সম্মেলনটি বিশ্বের উড়োজাহাজ শিল্পের শীর্ষ নেতাদের একত্র করছে। এটি নিরাপদ, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক পদ্ধতিতে আন্তর্জাতিক পর্যায়ে উড়োজাহাজ ভ্রমণকে পুনরুজ্জীবিত করার সুযোগ দিচ্ছে।
চাঙ্গি এভিয়েশন সম্মেলনের আগে ফেব্রুয়ারিতে সিঙ্গাপুর এয়ারশো নামে আরেকটি বড় আয়োজন করেছিল দেশটি। তবে কভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধের কারণে এয়ারশোতে কম দর্শক ও প্রদর্শক ছিল। চাঙ্গি এয়ার হাবের কার্যক্রম স্বাভাবিক করতে গত ১ এপ্রিল দেশটি পূর্ণ ডোজের টিকা নেয়া ভ্রমণকারীদের জন্য সীমান্ত খুলে দেয়। এর পর থেকে কোয়ারেন্টিন ছাড়াই সিঙ্গাপুরে প্রবেশে ভ্রমণকারীদের আলাদা ফ্লাইট ব্যবহার করতে হচ্ছে না। পাশাপাশি দেশে প্রবেশের ২৪ ঘণ্টার মধ্যে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষাও করতে হচ্ছে না।
পূর্ণ ডিকার ডোজ গ্রহণকারীদের প্রবেশের জন্য অনুমতিপত্রের প্রয়োজনও হবে না। দেশে প্রবেশের পূর্বে কভিড-১৯ পরীক্ষার যে বিধি ছিল তা ২৬ এপ্রিল থেকে বন্ধ করে দেয়া হয়। সীমান্ত এলাকা খুলে দেয়ার পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনের কারণে চাঙ্গি এয়ারপোর্টে মার্চ থেকে এপ্রিলে ভ্রমণকারীর সংখ্যা বেড়েছে, যা করোনা পূর্ববর্তী সময়ে প্রায় ৪০ শতাংশের কাছাকাছি।
সিএএএস জানায়, সম্মেলন চলাকালীন উড়োজাহাজ খাতের প্রতিনিধিরা একটি যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক পর্যায়ের উড়োজাহাজ চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করার পুনর্ব্যক্ত করবে বলে জানা গেছে। সিঙ্গাপুর এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা গোজ চুনক ফং বলেন, সীমান্তের বিধিনিষেধ শিথিল করায় বিশ্বজুড়ে উড়োজাহাজ ভ্রমণের ব্যাপক চাহিদা রয়েছে।










