বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এক বছরের পাইলট প্রকল্প শেষে বাণিজ্যিকভাবে চালু হওয়ার পর এখন পর্যন্ত বিকাশ অ্যাপ ব্যবহার করে সিটি ব্যাংক থেকে ৭০০ কোটি টাকার অধিক ‘ন্যানো লোন’ নিয়েছেন বিকাশ গ্রাহকরা। ডিজিটাল লেনদেনের ইকোসিস্টেম উন্নয়নের অংশ হিসেবে ২০২১ সালে সিটি ব্যাংক ও বিকাশের যৌথ উদ্যোগে চালু হয় জামানতবিহীন এ ‘ন্যানো লোন’। এখন পর্যন্ত ২ লাখ ৪৫ হাজারের বেশি বিকাশ গ্রাহক প্রায় সাত লাখ বার নিয়েছেন এ ঋণ। এ ‘ডিজিটাল ন্যানো লোন’ চালুর মূল উদ্দেশ্য প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও গ্রামে বাস করা গ্রাহকদের কাছে ঋণ সুবিধা পৌঁছে দিয়ে দেশের আর্থিক অন্তর্ভুক্তিকে আরো ত্বরান্বিত করা। ২০২৩ সালের হিসাব অনুযায়ী এ ঋণের গ্রাহকদের ২৪ শতাংশ নারী এবং ৫৫ শতাংশ গ্রামে বসবাস করেন।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে বিকাশের যে গ্রাহকরা ই-কেওয়াইসি সম্পন্ন করেছেন এবং বিকাশ অ্যাপ ব্যবহার করছেন শুধু তারাই সিটি ব্যাংকের এ ঋণ পাওয়ার ক্ষেত্রে বিবেচ্য হচ্ছেন। এ ‘ন্যানো লোন’ কর্মসূচি নিয়ে সিটি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার বলেন, ‘গতানুগতিক পদ্ধতিতে আমরা যেখানে ১৫ বছরে মাত্র তিন লাখ বার লোন দিতে পেরেছি, সেখানে দুই বছরেরও কম সময়ে দিতে পেরেছি সাত লাখ বার। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।’—বিজ্ঞপ্তি