২০২৬-২৭ অর্থবছরে অর্থনীতির আকার ৫ লাখ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশাবাদী ভারত। পাশাপাশি দেশটির অর্থনীতি ২০৪০ সালের মধ্যে ২০ লাখ কোটি ডলার উন্নীত হতে পারে বলে প্রাক্কলন করা হয়েছে। খবর দ্য প্রিন্ট।

ভারত সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অনন্ত ভি নাগেশ্বরণ বলেন, কাঠামোগত সংস্কার আমাদের অর্থনীতির সুবিধা ও সম্ভাবনাকে বাড়িয়ে তুলেছে। আগামী দশকে বৈশ্বিক রাজনৈতিক উন্নয়ন ও সামষ্টিক মুদ্রানীতির ওপর বিদ্যমান সংকটের অবসান ঘটবে। এ কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল পূর্বাভাস দিয়েছে, ভারতের অর্থনীতির আকার ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে ৫ লাখ কোটি ডলার অতিক্রম করবে। যদি প্রতি সাত বছরে আমাদের জিডিপি দ্বিগুণ হয়, তবে ২০৪০ সালের মধ্যে ভারত ২০ লাখ কোটি ডলারের অর্থনীতি হয়ে উঠবে। পাশাপাশি মাথাপিছু আয় ১৫ হাজার ডলারের কাছাকাছি হবে।

তিনি বলেন, বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় অন্য অনেক দেশের তুলনায় ভারত ভালো অবস্থানে রয়েছে। আমরা একটি টেকসই উচ্চপ্রবৃদ্ধির হার, মাঝারি মূল্যস্ফীতি, আর্থিক ভারসাম্য ও স্থিতিশীল রুপির মূল্য নিশ্চিতে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। তবে এসব মূল বিষয়গুলোর ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি।