ডিজিটাল অপারেটর বাংলালিংক নিজেদের নতুন ‘ব্র্যান্ড আইডেন্টিটি’ উন্মোচন করেছে। একটি অত্যাধুনিক, গ্রাহককেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর অপারেটর হিসেবে রূপান্তরের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে এ উদ্যোগ দেশের ডিজিটাল অগ্রগতি ত্বরান্বিত করতে বাংলালিংকের প্রতিশ্রুতির প্রতিফলন।
নতুন পরিচয় বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন গ্রুপের লক্ষ্য ‘ডিজিটাল অপারেটর অ্যাম্বিশন (ডিও ১৪৪০)’ বাস্তবায়নের মাধ্যমে টেলিযোগাযোগ খাতের সেবা ও পরিসরকে ডিজিটালভাবে আরো সমৃদ্ধ করা। বর্তমানে যোগাযোগ, শিক্ষা, কাজ কিংবা বিনোদন সব ক্ষেত্রেই মানুষ ডিজিটাল কানেক্টিভিটির ওপর নির্ভরশীল।
নতুন এ ব্র্যান্ড পরিচয় উন্নততর ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে সমাজের ক্ষমতায়নে ভিওনের প্রচেষ্টার প্রতিফলন।
এ উপলক্ষে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে বাংলালিংকের সিইও ইওহান বুসে বলেন, ‘নতুন এ ব্র্যান্ড পরিচয় শুধু বাহ্যিক পরিবর্তন নয়, এটি আমাদের মূল প্রতিষ্ঠান ভিওনের ডিজিটাল অপারেটরের লক্ষ্য ও গ্রাহকদের জীবনের প্রতিটি মুহূর্তকে সমৃদ্ধ করার সাহসী পুনর্ব্যক্তি। আমাদের নতুন পরিচয় গতি, উদ্ভাবন ও অগ্রগতির প্রতীক। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা নির্ভরযোগ্য সংযোগ আর সবার জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করতে চাই।’
উল্লেখ্য, বাংলালিংকের নতুন ব্র্যান্ড পরিচয় অপারেটরটির সব গ্রাহকসেবা কেন্দ্র, রিটেইল আউটলেট, ডিজিটাল প্লাটফর্ম, সেবা চ্যানেল ও বিভিন্ন প্রচারণায় ব্যবহার করা হবে। —বিজ্ঞপ্তি










