আগামী বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জ্বালানি তেল উত্তোলন বৃদ্ধির পরিকল্পনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল ওপেক প্লাস। সংস্থাটির সর্বশেষ বৈঠকেও এ সিদ্ধান্ত বহাল থাকতে পারে। ওপেক সংশ্লিষ্ট তিন সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জ্বালানি তেলের দাম কমিয়ে আনা এবং বাজার হিস্যা পুনরুদ্ধারের লক্ষ্যে চলতি বছরের এপ্রিল থেকে জোটটি ধাপে ধাপে উত্তোলন বাড়িয়ে আসছে। তবে সরবরাহ বেড়ে যাওয়ার সম্ভাবনায় অক্টোবর থেকে উত্তোলন বাড়ার গতি কমাচ্ছে সংগঠনটি। বাজার বিশ্লেষকরা জানান, এ ধারাবাহিকতায় আগামী বছরের প্রথম প্রান্তিকে তা পুরোপুরি স্থগিত রাখা হবে।

বিশ্বের মোট জ্বালানি তেল উত্তোলনের প্রায় অর্ধেকের হিস্যা ওপেক প্লাসের। জোটটির প্রতিনিধিদের দেয়া তথ্যানুযায়ী, সদস্য আটটি দেশ চলতি মাসের প্রথম বৈঠকে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে উত্তোলন বৃদ্ধি স্থগিত রাখার সিদ্ধান্তে বহাল থাকবে। এর আগে নভেম্বরের বৈঠকে জোটটি একই সিদ্ধান্ত নিয়েছিল।

পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক এবং রাশিয়াসহ অন্যান্য সহযোগী দেশ নিয়ে গঠিত ওপেক প্লাস। সূত্র আরো জানায়, ওপেক প্লাসের আরেক বৈঠকে জোটের সব সদস্য দেশের সর্বোচ্চ উত্তোলন সক্ষমতা যাচাইয়ের একটি নতুন প্রক্রিয়ার অনুমোদন আসতে পারে। গত মে মাসে ওপেক জানিয়েছিল, এ সক্ষমতা যাচাই ২০২৭ সালের উত্তোলন ভিত্তি নির্ধারণে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, সৌদি আরব, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, কাজাখস্তান, কুয়েত, ইরাক, আলজেরিয়া ও ওমান এ আট দেশ এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত দৈনিক প্রায় ২৯ লাখ ব্যারেল উত্তোলন লক্ষ্যমাত্রা বাড়িয়েছে।

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের জানুয়ারিতে সরবরাহের চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত শুক্রবার। এ সময় পণ্যটির দাম ব্যারেলে ১৪ সেন্ট বা দশমিক ২২ শতাংশ কমে আসে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয় ৬৩ ডলার ২০ সেন্টে। অন্যদিকে ফেব্রুয়ারিতে সরবরাহের চুক্তিতে ব্রেন্টের মূল্য ৪৯ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৬২ ডলার ৩৮ সেন্টে নেমে আসে। এছাড়া শুক্রবার মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম স্থির হয় ব্যারেলপ্রতি ৫৮ ডলার ৫৫ সেন্ট।

অন্যদিকে মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) শুক্রবার জানায়, দেশটির জ্বালানি তেল উত্তোলন সেপ্টেম্বরে দৈনিক ৪৪ হাজার ব্যারেল বেড়ে ১ কোটি ৩৮ লাখ ৪০ হাজার ব্যারেলে পৌঁছেছে।

রয়টার্সের এক জরিপে ৩৫ অর্থনীতিবিদ ও বিশ্লেষক জানিয়েছেন, ২০২৬ সালে ব্রেন্টের গড় দাম হতে পারে ব্যারেলপ্রতি ৬২ ডলার ২৩ সেন্ট। এটি অক্টোবরে দেয়া পূর্বাভাস ব্যারেলে ৬৩ ডলার ১৫ সেন্টের তুলনায় কম।