যুক্তরাজ্যে শতভাগ মালিকানাধীন সাবসিডিয়ারি কোম্পানি খুলতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড। এ লক্ষ্যে ব্যাংকের এক্সিম এক্সচেঞ্জ কোম্পানি (ইউকে) লিমিটেড নামে সাবসিডিয়ারি কোম্পানিটিতে ৫ লাখ ব্রিটিশ পাউন্ড (জিবিপি) বিনিয়োগের অনুমোদন দিয়েছে দেশটির নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে এক্সিম ব্যাংক।
ব্যাংকটি জানিয়েছে, তারা যুক্তরাজ্যের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের থেকে ৫ লাখ জিবিপির (বর্তমানে ১ জিবিপি সমান বাংলাদেশী মুদ্রায় ১৩৭ টাকা) সমপরিমাণ বিনিয়োগ সুবিধার অনুমতি পেয়েছে। এ অর্থ ব্যাংকটির ওই দেশের সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারি এক্সিম এক্সচেঞ্জ কোম্পানিতে (ইউকে) বিনিয়োগ করা হবে। এ বিনিয়োগ সুবিধার আওতায় যুক্তরাজ্য থেকে সময়মতো রেমিট্যান্স আনতে ব্যাংকটির জন্য সহায়ক হবে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে এক্সিম ব্যাংকের পর্ষদ। এরই মধ্যে ঘোষিত লভ্যাংশে ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ১৬ মে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৯ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২১ টাকা ৭২ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এক্সিম ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ২১ টাকা ৭২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২১ টাকা ১৩ পয়সা (পুনর্মূল্যায়িত)।
২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। এর মধ্যে ৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ২ দশমকি ৫০ শতাংশ স্টক লভ্যাংশ। এছাড়া ২০১৮ ও ২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছিল এক্সিম ব্যাংক। ২০১৭ হিসাব বছরে ১২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।
২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৪৪৭ কোটি ৫৬ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৭৩৯ কোটি ২৫ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১৪৪ কোটি ৭৫ লাখ ৫৭ হাজার ৩৪৪।










