পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’। সরকারের সহায়তাপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে এ মান নির্ধারণ করা হয়েছে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, এ বছরের ৩০ জুন পর্যন্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক বিবরণী এবং অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ ঋণমান করেছে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঋণমান প্রতিষ্ঠান ইসিআরএল সরকারের সহায়তা ছাড়াও ব্যাংকটির ঋণমান নির্ধারণ করেছে। এতে দীর্ঘমেয়াদে ব্যাংকটির ঋণমাণ ‘এ-’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে ২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে রূপালী ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৫ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে ব্যাংকটির ইপিএস বেড়েছে ৬৫ পয়সা বা ১৪৪ দশমিক ৪৪ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৮৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪০ টাকা ৯ পয়সা।