খাদ্যশস্য রফতানিতে ২০২১ সাল ছিল ইউক্রেনের জন্য সাফল্যের বছর। এ সময় দেশটি আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান ভালোভাবেই জানান দিয়েছে। খাদ্যশস্য—বিশেষ করে গম রফতানিতে শীর্ষ দেশ রাশিয়াকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি করেছে দেশটি। ২০২১-২২ বিপণন মৌসুমে এখন পর্যন্ত দেশটির খাদ্যশস্য রফতানি ২১ দশমিক ১ শতাংশ বেড়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, অনুকূল আবহাওয়া ইউক্রেনে খাদ্যশস্য উৎপাদন বাড়াতে সহায়তা করেছে। এছাড়া উৎপাদন ও রফতানিতে শীর্ষ দেশগুলোয় বৈরী পরিস্থিতি দেশটিকে বড় ধরনের সুবিধা দিয়েছে।
ইউক্রেনের কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২১-২২ মৌসুমে এখন পর্যন্ত ইউক্রেনের খাদ্যশস্য রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ১৬ লাখ টনে, যা গত মৌসুমের একই সময়ের তুলনায় ২১ দশমিক ১ শতাংশ বেশি। ইউক্রেনের কৃষিমন্ত্রী জানান, মোট রফতানীকৃত খাদ্যশস্যের মধ্যে ১ কোটি ৫৭ লাখ টন গম, ৫২ লাখ যব ও ১ কোটি ৩ লাখ টন ভুট্টা রফতানি করা হয়েছে। চলতি বছর ৮ কোটি ৪০ লাখ টন খাদ্যশস্য উৎপাদন হয়েছে, যা রেকর্ড সর্বোচ্চ। গত বছর ৬ কোটি ৫০ লাখ টন খাদ্যশস্য উৎপাদন হয়।
দেশটির কৃষি মন্ত্রণালয় আরো জানায়, ২০২১-২২ মৌসুমে ২ কোটি ৪৫ লাখ টন গম, ৩ কোটি ৯ লাখ টন ভুট্টা ও ৫২ লাখ টন যব রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। গত মৌসুমে দেশটি ২ কোটি ৩১ লাখ টন ভুট্টা, ১ কোটি ৬৬ লাখ টন গম ও ৪২ লাখ টন যব রফতানি করেছিল।










