ভারতের অন্যতম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মারুতি সুজুকির নিট মুনাফা প্রত্যাশা ছাড়িয়েছে। চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৮০ শতাংশ বেড়ে ৩ হাজার ৭১৬ কোটি রুপিতে পৌঁছেছে, যা আগে দেয়া ইকোনমিক টাইমসের জরিপের পূর্বাভাসের চেয়ে বেশি। খবর দি ইকোনমিক টাইমস।
মারুতি সুজুকির পরিচালন আয়ও ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে বছরওয়ারি ২৪ শতাংশ বেড়ে ৩৭ হাজার কোটি রুপিতে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটা তাদের প্রান্তিকওয়ারি সবচেয়ে বেশি বিক্রির রেকর্ড। তাছাড়া নিট বিক্রি ও নিট মুনাফার দিক থেকেও গত প্রান্তিক ছিল রেকর্ড উচ্চতায়। বিক্রি বেড়ে যাওয়ার পাশাপাশি পণ্যের দাম অনুকূল থাকাও মুনাফা বৃদ্ধিতে অবদান রেখেছে।
প্রান্তিক জুড়ে গাড়ি বিক্রি হয়েছে ৫ লাখ ৫২ হাজার, যা বছরওয়ারি ৭ শতাংশ বেশি। দেশীয় বাজারে বিক্রি হয়েছে ৪ লাখ ৮২ হাজার ইউনিট ও বিভিন্ন দেশে বিক্রি হয়েছে ৬৯ হাজারের বেশি। গত বছরের একই সময়ে মোট বিক্রির পরিমাণ ছিল ৫ লাখ ১৭ হাজার ইউনিট। তার মধ্যে ৪ লাখ ৫৪ হাজার ইউনিট দেশীয় বাজারে ও ৬৩ হাজারের বেশি ইউনিট রফতানি হয়েছিল। প্রতিষ্ঠানটি সম্প্রতি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) তৈরির ওপর জোর দিয়েছে।
চলতি অর্থবছরের প্রথমার্ধে মারুতি সুজুকি ৬ হাজার ২০২ কোটি রুপি নিট মুনাফা অর্জন করেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় দ্বিগুণের বেশি। গত অর্থবছরের এ সময়ে নিট মুনাফা ছিল ৩ হাজার ৭৪ কোটি রুপি।










