চীনা অ্যালুমিনা উৎপাদক হেবেই ওয়েনফেং নিউ মেটেরিয়ালসের (এইচডব্লিউএনএম) সঙ্গে প্রায় ২৬ কোটি ১৬ লাখ ডলারের চুক্তি করেছে রাশিয়ান কোম্পানি রুসাল। চীনের বাইরে বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম কোম্পানি রুসাল জানিয়েছে, তারা এইচডব্লিউএনএমের ৩০ শতাংশ শেয়ার (ইকুইটি ইন্টারেস্ট) কিনে নিতে চুক্তি করেছে। খবর রয়টার্স।
রাশিয়ান কোম্পানি জানিয়েছে, চুক্তিটি এখনো চীনা কর্তৃপক্ষ ও এইচডব্লিউএনএমের ঋণদাতাদের অনুমোদনের অপেক্ষায়। অনুমোদন হলে এইচডব্লিউএনএমের অ্যালুমিনা ব্যবহার করতে পারবে রুসাল। অ্যালুমিনিয়াম তৈরির কাঁচামাল হিসেবে অ্যালুমিনা ব্যবহার করা হয়।
সাম্প্রতিক সময়ে রাশিয়া অ্যালুমিনার জন্য চীনমুখী। এর আগে রুশ কারখানাগুলোয় পণ্যটির চালান আসত অস্ট্রেলিয়া থেকে।
কিন্তু ইউক্রেন আক্রমণের পর পশ্চিমা নিষেধাজ্ঞার পর ২০২২ সালের মার্চ থেকে রাশিয়ায় অ্যালুমিনা ও অ্যালুমিনিয়াম আকরিক রফতানি বন্ধ রেখেছে অস্ট্রেলিয়া।
হংকং স্টক এক্সচেঞ্জে দেয়া এক নথিতে রুসাল জানিয়েছে, এইচডব্লিউএনএমের মালিকানায় উত্তর চীনের হেবেই প্রদেশে একটি অ্যালুমিনা পরিশোধনাগার পরিচালিত হয়। বছরে ৪৮ লাখ টন ধাতব গ্রেড ক্যালসিনড অ্যালুমিনা পরিশোধন করার সক্ষমতা রয়েছে কারখানাটির।
চীনের কাস্টমস ডাটা অনুসারে, দেশটি গত বছর রাশিয়ায় ৮ লাখ ৪২ হাজার ৬৮২ টন অ্যালুমিনা রফতানি করেছে, যা ২০২১ সালের চেয়ে ৪৮২ গুণ বেশি। বেইিজং ২০২২ সালে রাশিয়ার কাছে মোট ৪১ কোটি ৩৪ লাখ ডলারের অ্যালুমিনা রফতানি করেছে।
রয়টার্সের হিসাব বলছে, চুক্তির ফলে এইচডব্লিউএনএমের ১৪ লাখ ৪০ হাজার টন অ্যালুমিনা ব্যবহার করার সুযোগ পাবে রুসাল। রুসালের বার্ষিক প্রতিবেদন ২০২২ অনুসারে কোম্পানিটি বর্তমানে প্রায় ১৪ লাখ টন অ্যালুমিনার ঘাটতিতে রয়েছে। চীনা কোম্পানির সঙ্গে এ চুক্তির ফলে সে ঘাটতি পূরণ হয়ে যাবে বলে মনে করছে বেইজং ভিত্তিক পরামর্শদাতা আলাদিনি।










