বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছেন, বাংলাদেশে অনেক আগেই কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম শুরু হওয়া উচিত ছিল। তবে এটি সুখবর যে আমরা এখন এর প্রক্রিয়া শুরু করতে পেরেছি। একই সঙ্গে এক্সচেঞ্জের কার্যক্রম যেন দ্রুত শুরু হয় সে ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসির চেয়ারম্যান আসিফ ইব্রাহিমের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যরা বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সে সময় মন্ত্রী এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সিএসইপিএলসির পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম। বৈঠকে আলোচিত বিষয় ছিল বাংলাদেশে প্রথম কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনের অগ্রগতি।
প্রসঙ্গত, গত ১২ এপ্রিল ২০২২ চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই পিএলসি) এবং মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের চুক্তি হয়েছে। ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী অনলাইনে যুক্ত ছিলেন। কমোডিটি এক্সচেঞ্জের অগ্রগতি বিষয়ে অবহিত করতেই বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সিএসই পরিচালনা পর্ষদের সদস্যরা।










