ইন্দোনেশিয়ার বার্ষিক আন্তর্জাতিক ‘‌অটো শো’ অনুষ্ঠিত হয়। সেখানে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করেছে চীনা গাড়ি নির্মাতা নেটা অটো ও গ্রেট ওয়াল মোটর। দেশটির সাধারণ মানুষও এ নতুন সংযোজনকে স্বাগত জানিয়েছে। খবর দ্য জাকার্তা পোস্ট।

বিশ্বের চতুর্থ সর্বাধিক জনবহুল দেশে পরিবেশবান্ধব যানবাহনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পারবে বলে আশা করছে এ দুই প্রতিষ্ঠান। বৈদ্যুতিক গাড়ি (ইভি) বিক্রয় ইন্দোনেশিয়ায় দ্রুত বাড়াতে পারবে বলে আশা করছে তারা। ইন্দোনেশিয়ার সরকার দ্রুত হারে দেশটিকে ইভি ব্যাটারি ও গাড়ির উৎপাদন কেন্দ্র হিসেবে প্রচার করছে এবং অভ্যন্তরীণ চাহিদাকে বাড়ানোর জন্য নতুন ভোক্তা ভর্তুকি দিচ্ছে।

জাকার্তার উপকণ্ঠে অনুষ্ঠিত ইভেন্টে নেটা ওভারসিজের ভাইস প্রেসিডেন্ট ওয়াং চেংজি বলেন, ‘‌আমরা ইন্দোনেশিয়ার বাজারে প্রবেশ করতে পেরে খুবই উচ্ছ্বসিত, এখানে বৈদ্যুতিক যানবাহনের বিপুল সম্ভাবনা রয়েছে।’

নেটা শোতে তাদের তিনটি মডেল উপস্থাপন করেছে। তারা জনপ্রিয় গাড়ি নেটা ভি ক্রসওভারের জন্য প্রি-অর্ডার শুরু করেছে, যার মূল্য প্রায় ২৫ হাজার মার্কিন ডলার। গ্রেট ওয়াল মোটর গ্রুপ (জিডব্লিউএম) নিজেদের ‘‌ওরা গুড ক্যাট’ মডেলের গাড়ি প্রদর্শন করেছে। অটোকারটি বিড়ালের মতো ফিচার এবং সুন্দর রঙের কারণে দর্শকের নজরে আসছে। এর আগে দক্ষিণ কোরিয়ার হুন্দাই মোটর কোম্পানি জাকার্তার কাছে একটি প্লান্টে বৈদ্যুতিক গাড়ি তৈরি করে।