জাপানে খাদ্যপণ্যের দাম বেড়েই চলেছে। একটি পূর্বাভাস বলছে, চলতি বছরের প্রথম চার মাস এ ধারা অব্যাহত থাকবে। মূলত কাঁচামালের উচ্চমূল্য, অবকাঠামোগত নানা খরচ বেড়ে যাওয়ার কারণে আগামী কয়েক মাসে দেশটিতে ১২ হাজারের বেশি খাদ্যপণ্যের দাম বাড়বে বলে এক জরিপে উঠে এসেছে। খবর কিয়োদো।
সব মিলিয়ে ১২ হাজার ৫৪টি পণ্যের দাম বাড়ছে বা বাড়বে বলে ওই জরিপে উল্লেখ করা হয়। স্বাভাবিক সময়ের চেয়ে এই দাম বেড়েছে প্রায় ১৬ শতাংশ। তেইকোকু ডাটাব্যাংকের তথ্য বলছে, বর্তমানে জাপানের এসব খাদ্যপণ্যের দাম গত বছরের একই সময়ের চেয়ে ৩ শতাংশীয় পয়েন্ট বেশি। মূল্যবৃদ্ধির এ হার গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ। গত বছর এ সময় ৫ হাজার ৫৭৩টি খাদ্যপণ্য দামি হয়ে উঠেছিল।
চলতি মাসে হিমায়িত খাদ্য ও সি ফুডের মতো ৫ হাজার ৪৬৩টি খাদ্যপণ্যের দাম বাড়তে পারে। সবশেষ অক্টোবরে এ সংখ্যা ছিল ৭ হাজার ৮০০। জরিপের তথ্য অনুযায়ী, আগামী মার্চে কনফেকশনারি পণ্যসহ নতুন ২ হাজার ৭১৬টি পণ্যের দাম বাড়বে। এছাড়া এপ্রিলে মূল্যবৃদ্ধি দেখবে আরো ৩ হাজার ১৯২টি খাদ্যপণ্য। তেইকোকুর পূর্বাভাস সঠিক হলে চলতি গ্রীষ্ম পর্যন্ত প্রতি মাসেই দুই-তিন হাজার করে খাদ্যপণ্যের দাম বাড়বে। প্রতিষ্ঠানটি বলছে, এমনকি গ্রীষ্মের পরও যে ভোক্তাদের জন্য স্বস্তির পরিবেশ সৃষ্টি হবে সেটিও নিশ্চিত নয়।
গত গ্রীষ্মে জ্বালানি তেলের দাম বেড়ে গেলে উৎপাদন খরচও বেড়ে যায়। সেই সময় থেকেই মূলত বাড়তে থাকে খাদ্যপণ্যের দাম। আবার ডলারের বিপরীতে ইয়েনের দামের তীব্র পতনও এর পেছনে অনুঘটকের ভূমিকা পালন করে।










