ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্মার্ট অন স্ট্রিট পার্কিং সেবার ফি পরিশোধের জন্য ডিএনসিসি স্মার্ট পার্কিং কার্ড নামে একটি প্রিপেইড কার্ড চালু করেছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাড়ি রাখা নিয়ন্ত্রণ ও পার্কিং সমস্যা সমাধানে অ্যাপভিত্তিক পার্কিং সেবা দিতে ‘স্মার্ট অন স্ট্রিট পার্কিং’ উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি রাজধানীর গুলশানে ডিএনসিসি কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে স্মার্ট অন স্ট্রিট পার্কিং সেবার উদ্বোধন করেন। ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলাসহ ইসলামী ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

স্মার্ট অন স্ট্রিট পার্কিং সার্ভিস সেবার ফি পরিশোধ করতে হবে অ্যাপের মাধ্যমে অথবা ব্যাংক কার্ড দিয়ে। এর অংশ হিসেবে ইসলামী ব্যাংক চালু করেছে ডিএনসিসি স্মার্ট পার্কিং কার্ড। কোনো ব্যক্তি ইসলামী ব্যাংকের হিসাবধারী না হলেও ডিএনসিসি স্মার্ট পার্কিং কার্ড সংগ্রহ ও ব্যবহার করতে পারবেন। —বিজ্ঞপ্তি