এশিয়া-প্যাসিফিকের প্রধান প্রধান শেয়ারবাজার সূচকে গতকাল দেখা গেছে মিশ্র প্রবণতা। আগের দিন ওয়াল স্ট্রিটের সূচকগুলো বেড়ে রেকর্ড উচ্চতায় দাঁড়ালেও এশিয়া-প্যাসিফিকের পুঁজিবাজারে বিনিয়োগকারীরা এখন অনেকটাই সাবধানী আচরণ করছেন। মার্কিন অর্থনীতির উচ্চ মূল্যস্ফীতি এবং ভোক্তা খাতে আস্থার সংকট এ অঞ্চলের পুঁজিবাজারসংশ্লিষ্টদের মধ্যে এমন মনোভাব তৈরি করেছে। তাছাড়া বড়দিনের ছুটি শুরুর আগ মুহূর্তে অনেক শেয়ারবাজারে গতকাল লেনদেনের পরিমাণও ছিল তুলনামূলক কম। খবর এপি।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের অর্থনীতি প্রত্যাশার চেয়ে দ্রুতগতিতে বেড়েছে। মার্কিন সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ সময়ে দেশটির প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ৩ শতাংশ। এর আগের প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রবৃদ্ধি হয়েছিল ৩ দশমিক ৮ শতাংশ হারে। তবে প্রবৃদ্ধি শক্তিশালী হলেও এখনো দেশটিতে মূল্যস্ফীতির হার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রার ওপরে। পাশাপাশি ডিসেম্বরে দেশটির ভোক্তা আস্থা সূচকে আরো অবনতি ঘটেছে।

বাজার বিশ্লেষকদের মতে, উচ্চ প্রবৃদ্ধির তথ্য ইতিবাচক সংকেত দিলেও মূল্যস্ফীতি ও ভোক্তা আস্থায় দুর্বলতা শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে সতর্ক মনোভাব তৈরি করেছে।

ছুটি শুরুর আগ মুহূর্তে গতকাল এশিয়া-প্যাসিফিকের শেয়ারবাজারগুলোয় লেনদেনের পরিমাণ ছিল তুলনামূলক কম। অনেক বাজার বন্ধও ছিল। এ অবস্থায় বিনিয়োগকারীরা নতুন করে বড় বিনিয়োগের সিদ্ধান্ত থেকে নিজেদের অনেকটাই বিরত রেখেছিলেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে আগাম লেনদেন বন্ধ থাকার প্রভাবও এশিয়া-প্যাসিফিকের শেয়ার সূচকগুলোয় পড়েছে।

এর মধ্যে গতকাল জাপানের টোকিওতে নিক্কেই ২২৫ সূচক দশমিক ১ শতাংশ কমে নেমে এসেছে ৫০ হাজার ৩৪৪ দশমিক ১ পয়েন্টে। দক্ষিণ কোরিয়ায় কসপি সূচক দশমিক ২ শতাংশ কমে স্থির হয় ৪ হাজার ১০৮ দশমিক ৬২ পয়েন্টে।

চীনের মূল ভূখণ্ডে সাংহাই কম্পোজিট সূচক দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৪০ দশমিক ৯৫ পয়েন্টে। হংকংয়ে হ্যাং সেং সূচক বেড়েছে দশমিক ২ শতাংশ। এ সময় সূচকটি স্থির হয় ২৫ হাজার ৮১৮ দশমিক ৯৩ পয়েন্টে। অস্ট্রেলিয়ায় এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ সূচক কমেছে প্রায় দশমিক ৪ শতাংশ।

এদিকে তাইওয়ানে তাইএক্স সূচক বেড়েছে দশমিক ২ শতাংশ। ভারতে বিএসই সেনসেক্স সূচক ছিল সামান্য ঊর্ধ্বমুখী।

এশিয়ার শেয়ারবাজারে লেনদেন চলাকালে মার্কিন ফিউচার সূচকগুলো কিছুটা নিম্নমুখী ছিল। একই সময়ে মুদ্রাবাজারে ডলারের বিপরীতে ইয়েনের বিনিময় হার আরো কমেছে। ইয়েনের বিনিময় হার দ্রুত পরিবর্তিত হলে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছে জাপানের কর্তৃপক্ষ। এ বিষয়টিও সে দেশের বিনিয়োগকারীদের মধ্যে বাড়তি সতর্কতা তৈরি করেছে।

ওয়াল স্ট্রিটে প্রযুক্তি খাতের শেয়ারদরের ঊর্ধ্বমুখিতায় মঙ্গলবার এসঅ্যান্ডপি ৫০০ সূচক দশমিক ৫ শতাংশ বেড়ে ৬ হাজার ৯০৯ দশমিক ৭৯ পয়েন্ট নিয়ে নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছায়। যদিও ওইদিন সূচকটির অন্তর্ভুক্ত বেশির ভাগ শেয়ারের মূল্য ছিল কমতির দিকে। একই দিনে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক দশমিক ২ শতাংশ বেড়ে ৪৮ হাজার ৪৪২ দশমিক ৪১ এবং নাসডাক কম্পোজিট সূচক দশমিক ৬ শতাংশ বেড়ে ২৩ হাজার ৫৬১ দশমিক ৮৪ পয়েন্টে স্থির হয়।

ওয়াল স্ট্রিটে ওইদিন এনভিডিয়ার শেয়ারদর বেড়েছে ৩ শতাংশ। গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের শেয়ারদরও ছিল বাড়তির দিকে। স্বাস্থ্য খাতে নোভো নরডিস্কের শেয়ারদর উল্লেখযোগ্য হারে বেড়েছে। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার খবরে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭ শতাংশের বেশি।

এখন বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) পরবর্তী বৈঠকের দিকে। তারা মনে করছেন, জানুয়ারির বৈঠকে ফেড সুদহার অপরিবর্তিত রাখতে পারে। তবে দেশটিতে মূল্যস্ফীতি এখনো কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে। আবার একই সঙ্গে শ্রমবাজারের শ্লথ গতি এবং খুচরা বিক্রিতে মন্দার তথ্য ফেডের জন্য নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণকে আরো কঠিন করে তুলছে।