পুঁজিবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে আজ। বেলা ১১টা ১৫ মিনিটে অনুষ্ঠেয় কোম্পানিটির এজিএমে সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হবে। এর আগে বেলা ১১টায় অনুষ্ঠেয় ইজিএমে কোম্পানির নাম পরিবর্তনসংক্রান্ত সিদ্ধান্তে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হবে। এ এজিএম ও ইজিএম-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২৩ মে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, কোম্পানিটির নাম লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড থেকে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসিতে রূপান্তর করা হবে। এ-সংক্রান্ত সংঘবিধি ও সংঘস্মারকেও পরিবর্তন আনা হবে। শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়ার পাশাপাশি এ বিষেয় সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন চাইবে কোম্পানিটি।
সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য ২০২২ হিসাব বছরে কোম্পানির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৬ কোটি ১৪ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৩০ কোটি ৫৯ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৮ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২০ টাকা ২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৯ টাকা ৮২ পয়সা।










