দুবাইয়ের আবাসন খাতে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯০৭ কোটি ডলার। এটি ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। সম্পত্তি অনুসন্ধানকারী প্রতিষ্ঠান প্রপার্টি ফাইন্ডার সূত্রে এ তথ্য জানা গেছে। খবর আরব বিজনেস।

২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে সংযুক্ত আরব আমিরাতের আবাসন খাতে দীর্ঘমেয়াদি সাফল্যের সম্ভাবনা আরো স্পষ্ট হয়ে উঠেছে। বেড়েছে বিনিয়োগের পরিমাণ।

দুবাইয়ে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মোট ৩১ হাজার ১৮১টি লেনদেন রেকর্ড করা হয়েছে। এটি ২০২২ সালের তৃতীয় প্রান্তিকের লেনদেনের তুলনায় ২২ দশমিক ৭৬ শতাংশ বেশি। এর মধ্য দিয়ে এক দশকের মধ্যে সর্বোচ্চ তৃতীয় প্রান্তিকে পৌঁছেছে দেশটির আবাসন খাত। ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে লেনদেনের সংখ্যা ছিল ২৫ হাজার ৪০০।

দেশটির অফ-প্ল্যান আবাসন খাতে চলতি বছরে তৃতীয় প্রান্তিকে গড়ে ৪৭ দশমিক ২ শতাংশ লেনদেন রেকর্ড হয়েছে। অন্যদিকে ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে এ খাতে গড় লেনদেন ছিল ৪৬ দশমিক ৫ শতাংশ। গত বছরের তুলনায় সংযুক্ত আরব আমিরাতে এবার প্রায় ২৪ দশমিক ৬ শতাংশ লেনদেন বেড়েছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।