পুঁজিবাজারে তালিকাভুক্ত শীর্ষস্থানীয় ইলেকট্রনিক ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদক ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উদ্যোক্তা পরিচালক এসএম আশরাফুল আলম কোম্পানিটির ২৫ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তার কাছে বর্তমানে কোম্পানিটির মোট ৬ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ৬৪৩টি শেয়ার রয়েছে, যা থেকে ঘোষণাকৃত শেয়ার ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে বিক্রি করবেন এ উদ্যোক্তা পরিচালক। গতকাল ডিএসইর মাধ্যমে এ তথ্য জানিয়েছে প্রকৌশল খাতের কোম্পানিটি।
দেশের পুঁজিবাজারে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের লেনদেন শুরু হয় ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩০২ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৯ হাজার ৭৪২ কোটি ৩৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩। এর মধ্যে ৯৯ শতাংশ শেয়ারই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে দশমিক ৩৮, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ১০ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে দশমিক ৫২ শতাংশ শেয়ার রয়েছে। ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১ হাজার ৪৭ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১ হাজার ৪৭ টাকা ৭০ ও ১ হাজার ৫৩ টাকা ৯০ পয়সা।










