পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেডের শেয়ারদর গতকাল ৯ শতাংশের বেশি কমেছে। এর ভিত্তিতে আলোচ্য দিনটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ দর হারানোর তালিকায় শীর্ষে অবস্থান করছে কোম্পানিটি। এদিন কোম্পানিটির মোট ১ কোটি ২০ লাখ ৯১ হাজার শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ১৯ কোটি ৯০ লাখ ১০ হাজার টাকা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) অলিম্পিক অ্যাকসেসরিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩০ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৮০ পয়সা বা প্রায় ২৬৭ শতাংশ। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ২৭ পয়সায়।
২০১৯-২০ হিসাব বছর থেকে টানা লোকসানে রয়েছে অলিম্পিক অ্যাকসেসরিজ। ওই হিসাব বছরে কোম্পানিটির বিক্রি বাবদ আয় হয়েছে ৪০ কোটি ৩৪ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১১০ কোটি ৩৭ লাখ টাকা। ২০১৯-২০ হিসাব বছরে কোম্পানিটির বিভিন্ন খরচ শেষে কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৮ কোটি ৭৫ লাখ টাকা। এর আগের হিসাব বছরে নিট মুনাফা হয়েছিল ৯ কোটি ৬৬ লাখ টাকা। লোকসান হওয়ায় ২০১৯-২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আগের হিসাব বছরে ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা।










