প্রতিকূল বাজার পরিস্থিতির মধ্যেও ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি-এর মুনাফার ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। কোম্পানিটি জানিয়েছে, ২০২৫ সালের প্রথম নয় মাসে তাদের নিট মুনাফা গত বছরের তুলনায় ৬ শতাংশ বেড়েছে।
বুধবার (২৯ অক্টোবর) ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির ২৩৫তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.২৩। একই সঙ্গে আমানত পোর্টফোলিও গত বছরের ৩১ ডিসেম্বরের তুলনায় ৪.২৫ শতাংশ বেড়েছে।
গ্রাহকসেবা জোরদারে সম্প্রতি চালু হয়েছে মোবাইল অ্যাপ ‘উমা’। অ্যাপটির মাধ্যমে আমানতকারীরা ডিজিটালভাবে সেবা নিতে পারবেন, যা গ্রাহক সম্পৃক্ততাকে আরো সহজ করেছে।
এছাড়া আন্তর্জাতিক আর্থিক সংস্থা আইএফসির সঙ্গে অংশীদারিত্ব করেছে ইউনাইটেড ফাইন্যান্স। এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতে অর্থায়ন ও সাশ্রয়ী আবাসনে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এ বছর এনবিএফআই খাতের জন্য ব্যতিক্রম সময়। গ্রাহকসেবায় মনোযোগ, সুশাসন ও কর্মী উন্নয়নের মাধ্যমে আমরা বাজারের চ্যালেঞ্জ মোকাবেলা করছি। কৌশলগত উদ্যোগগুলো আগামী বছরে ইতিবাচক ফল দেবে বলে আমরা আশাবাদী।
—বিজ্ঞপ্তি










