বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেডের (জিডিসিএল) সঙ্গে ইস্যু ব্যবস্থাপনা চুক্তি স্বাক্ষর করেছে আল-মোস্তফা গ্রুপের প্রতিষ্ঠান থাই ফয়েলস অ্যান্ড পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পুঁজিবাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে কোম্পানিটির একক ইস্যু ব্যবস্থাপনা হিসেবে কাজ করবে জিডিসিএল। সম্প্রতি জিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রফিকুল ইসলাম এবং আল-মোস্তফা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে আল-মোস্তফা গ্রুপের পরিচালক মো. জাফর ইকবাল ও মো. বাবু হোসেন এবং জিডিসিএলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মোহাম্মদ সোহরাব হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি