ব্র্যাক ব্যাংকের রিডিং ক্যাফের সদস্যরা খ্যাতনামা লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘অরণ্যের দিনরাত্রি’ নিয়ে সম্প্রতি একটি পাঠচক্র আয়োজন করেছেন। পাঠচক্রে সদস্যরা উপন্যাসটির কাহিনি, চরিত্র ও মানুষের অনুভূতি বোঝার ক্ষেত্রে লেখকের গভীরতা নিয়ে মতবিনিময় করেন।
পুরনো লেখা হলেও নিঃসঙ্গতা, ভালোবাসা ও পরিবর্তনশীল জীবনের অর্থ খোঁজা এই উপন্যাসের বিষয়গুলো আজকের পাঠকদের কাছেও প্রাসঙ্গিক মনে হয়। পাঠচক্রের অংশগ্রহণকারীরা বলেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প বলার ভঙ্গি সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়েও আধুনিক পাঠকদের হৃদয়ে দাগ কাটে। তিনি ব্যক্তিগত অনুভূতি ও সমাজ বাস্তবতাকে দক্ষতার সঙ্গে মিশিয়ে ‘অরণ্যের দিনরাত্রি’ কে একসঙ্গে ব্যক্তিগত ও সার্বজনীন রূপ দিয়েছেন।
চলমান সাহিত্যআলোচনার অংশ হিসেবে পরবর্তী পাঠচক্রে রিডিং ক্যাফের সদস্যরা লেখক ইকরাম কবীরের দুটি বই নিয়ে আলোচনা করবেন। এগুলো হলো ‘খুদে গল্পের বই’, যা ৪৭টি বাংলা ফ্ল্যাশ ফিকশনের সংকলন এবং ‘এক দুষ্টু ক্যাডেটের গল্প’, যা বাংলাদেশের ক্যাডেট কলেজ জীবনের ওপর ভিত্তি করে লেখা একটি ডকু-ফিকশন।
রিডিং ক্যাফের সদস্যরা বলেন, তারা ভবিষ্যতেও এমন মননশীল পাঠ ও আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে চান। এ ধরনের পাঠ ও আলোচনা ব্র্যাক ব্যাংকের সহকর্মীদের মধ্যে চিন্তার বিকাশ ও পারস্পরিক সম্পর্ক দৃঢ় করতে সহায়তা করে।
—বিজ্ঞপ্তি










