ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ শিগগিরই গঠন করা হবে বলে জানিয়েছেন ব্যাংকটির পর্ষদের দায়িত্বপ্রাপ্ত (চেয়ারম্যানের চলতি দায়িত্ব) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। তিনি বলেছেন, পাঁচ সদস্য নিয়ে পূর্ণাঙ্গ পর্ষদ গঠিত হচ্ছে। এখানে যাচাই-বাছাইয়ের প্রয়োজন আছে। যোগ্য ও সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে দ্রুত পূর্ণাঙ্গ গঠন করতে চাই, যারা এ ব্যাংককে দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারবেন।
আজ সোমবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আলতাফ হোসেনসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা ছিলেন।
মোহাম্মদ জহির বলেন, আমাদের অগ্রাধিকার হচ্ছে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা। সেটা আগের মর্যাদায় নিয়ে যেতে চাই। এখন পেছনে তাকানোর সুযোগ নেই।
ব্যাংকের প্রতি আস্থা রেখে আমানতকারীদের নির্বিঘ্নে লেনদেন চালিয়ে যাওয়ারও আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের এ নির্বাহী পরিচালক।
এ সময় ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আলতাফ হোসেন জানান, বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা হিসেবে আরো ২ হাজার ৫০০ কোটি টাকা পেয়েছে ব্যাংকটি। এ নিয়ে দুদিনে মোট ৫ হাজার কোটি টাকা দেয়া হয়েছে ইসলামী ব্যাংককে।
আলতাফ হোসেন বলেন, গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে যে টাকা পাওয়া গেছে, তার পুরোটা এখনো ব্যবহার করতে হয়নি। আশা করি যারা আতঙ্কে টাকা তুলে নিয়েছেন, তারা আবারও ব্যাংকের ওপর আস্থা রেখে ফিরে আসবেন।










