সৌদি আরবের দুটি এয়ারলাইনসের কাছে ৮০টি ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ বিক্রির আশা প্রকাশ করেছে বোয়িং। সম্প্রতি একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্স।

বোয়িংয়ের পরিকল্পনার বিষয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল আগে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তালিকায় থাকা ৭৮টি উড়োজাহাজের মূল্য ৩ হাজার ৭০০ কোটি ডলারের কাছাকাছি। তবে এয়ারলাইনসগুলো উড়োজাহাজ কেনার সময় প্রকৃত মূল্য সেভাবে প্রকাশ করে না। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রমালিকানাধীন সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস (সৌদিয়া) ও নতুন প্রতিষ্ঠান রিয়াদ এয়ার বোয়িং ৭৮৭এস সংগ্রহ করবে। দুটি বায়ারের কাছ থেকে এয়ারলাইনস ৭৮টি ৭৮৭এস উড়োজাহাজ কিনবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আরো ৪৩টি কেনার সম্ভাবনা রয়েছে বলেও সূত্র জানিয়েছে।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান রোববার আনুষ্ঠানিকভাবে রিয়াদ এয়ার তৈরির ঘোষণা দিয়েছেন। প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে এ খাতের অভিজ্ঞ টনি ডগলাসকে নিয়োগ দেয়া হয়েছে। মূলত আঞ্চলিক পর্যায়ের ভ্রমণ ও পরিবহন ব্যবস্থার সঙ্গে প্রতিযোগিতায় নামতেই এ উদ্যোগ।

সূত্রের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, ২০৩০ সাল নাগাদ রিয়াদ এয়ারলাইনস ১০০টির বেশি স্থানে এর পরিষেবা পৌঁছে দেবে। মূলত এশিয়া, আফ্রিকা ও ইউরোপে থাকা অবস্থানগুলোয় পরিষেবা ছড়িয়ে দেয়া হবে। নতুন এয়ারলাইনসটি সৌদি আরবের জ্বালানি তেলবহির্ভূত খাতের জিডিপিতে ২ হাজার কোটি ডলার যুক্ত করবে এবং প্রত্যক্ষ ও পরোক্ষাভাবে দুই লাখের বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

রিয়াদ এয়ারলাইনস সম্পূর্ণরূপে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের মালিকানাধীন। এ পাবলিক ইনভেস্টমেন্ট তহবিলে ৬০ হাজার কোটি ডলারের বেশি সম্পদ রয়েছে। তহবিলের মাধ্যমে সৌদি আরবকে জ্বালানি তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার জন্য সরকারি উদ্যোগে সহায়তা করছে।