গত মাসে মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ বেড়ে সাত মাসের সর্বোচ্চে পৌঁছেছে। মূলত পণ্যটির রফতানি কমে যাওয়ায় ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে মজুদ। বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
বিশ্লেষকরা জানান, তিন সপ্তাহের নিষেধাজ্ঞা শেষে রফতানিতে ফিরেছে বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদক দেশ ইন্দোনেশিয়া। এতে মালয়েশিয়ার সঙ্গে দেশটির প্রতিযোগিতা ফের বেড়েছে। এ কারণে মালয় পাম অয়েলের রফতানি আগের মাসের তুলনায় কমেছে।
মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল উৎপাদক দেশ। রয়টার্সের জরিপের তথ্য বলছে, জুনে দেশটিতে পাম অয়েলের মজুদ ১২ দশমিক ৩০ শতাংশ বেড়েছে। মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ১০ হাজার টন। আটজন ব্যবসায়ী ও বিশ্লেষকের মতামতের ওপর ভিত্তি করে এ জরিপ চালানো হয়েছে।
তথ্য বলছে, গত মাসে মালয়েশিয়ায় পাম অয়েল উৎপাদন ৮ দশমিক ৩০ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার টন, যা ছয় মাসের সর্বোচ্চ।
সিঙ্গাপুরভিত্তিক পাম অয়েল অ্যানালিটিকসের সহপ্রতিষ্ঠাতা সাথিয়া ভারকা বলেন, গত মাসে মালয়েশিয়ায় পাম ফল উৎপাদন বেড়েছে। এতে সরবরাহও বাড়ার কথা ছিল। কিন্তু দাম কম থাকায় মিল মালিকরা পাম ফল কেনার পরিমাণ কমিয়ে দিয়েছেন।
গত মাসের শুরুর দিকে বাজার আদর্শ পাম অয়েলের নাটকীয় দরপতন ঘটে। পণ্যটির দাম হঠাৎ করেই ২২ শতাংশ কমে যায়। অলাভজনক দামের কারণে অনেক মিল মালিক জুনের দ্বিতীয় সপ্তাহে পাম অয়েল উৎপাদন বন্ধ রাখেন।
ইন্দোনেশিয়া পাম অয়েল রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করায় মে মাসে মালয়েশিয়ার রফতানি ব্যাপক বেড়ে যায়। কিন্তু ইন্দোনেশিয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ায় এবং রফতানি বাড়ানোর লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করায় গত মাসে মালয়েশিয়ার রফতানি ৯ দশমিক ৯০ শতাংশ কমেছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১২ লাখ ২০ হাজার টন।
সিঙ্গাপুরভিত্তিক পণ্য বাণিজ্য প্রতিষ্ঠান ফোর বাংয়ের ব্যবসায়ী রনি লাও বলেন, ইন্দোনেশিয়া রফতানি নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার পরই ব্যাপক হারে পাম অয়েলের দরপতন ঘটে। কিন্তু প্রাথমিকভাবে রফতানি বাড়ার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সে মাফিক রফতানি বাড়াতে সক্ষম হয়নি ইন্দোনেশিয়া।
এদিকে ইন্দোনেশিয়ায়ও পণ্যটির মজুদ বেড়েছে। এমন পরিস্থিতিতে রফতানি কোটা বাড়িয়েছে ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া বাধ্যতামূলক জৈব জ্বালানি উৎপাদনের মাত্রাও বাড়ানো হয়েছে। উদ্দেশ্য কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং রফতানি বাড়ানো।










