চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ২০২৩ সালের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ বেশি মুনাফা করেছে ইউনাইটেড এয়ারলাইনস। জ্বালানি ও শ্রম খরচ ব্যাপক মাত্রায় বেড়ে যাওয়া সত্ত্বেও ১৩২ কোটি ডলার মুনাফা করেছে মার্কিন কোম্পানিটি। সম্প্রতি প্রকাশিত ইউনাইটেড এয়ারলাইনসের আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। খবর এপি।

অবশ্য জুনে শেষ হওয়া প্রান্তিকে পূর্বাভাসের তুলনায় সামগ্রিক আয়ে কিছুটা পিছিয়ে ছিল ইউনাইটেড এয়ারলাইনস। পূর্বাভাসের ১ হাজার ৫০৪ কোটি ডলারের বিপরীতে ১ হাজার ৪৯৯ কোটি ডলার আয় করেছে কোম্পানিটি। তবে আয়ের এ অংক ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৬ শতাংশ বেশি।

ইউনাইটেড এয়ারলাইনস জানিয়েছে, এক বছর আগের তুলনায় জুনে শেষ হওয়া প্রান্তিকে জ্বালানি বাবদ খরচ ১১ শতাংশ ও শ্রম খরচ ১১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এছাড়া বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণ ফি ও অন্যান্য ভাড়া বাবদ খরচ বেড়েছে ১৩ শতাংশ।

এপ্রিলে শুরু হওয়া প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় যুক্তরাষ্ট্রের বিমানবন্দর ৬ শতাংশের বেশি যাত্রী পেয়েছে। এর মধ্যে একদিনে ৩০ লাখের মতো যাত্রী চলাচলের রেকর্ডও গড়েছে। এর প্রভাব দেখা গেছে এয়ারলাইনস কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনে। তবে টিকিটের দাম কমায় চলতি প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পূর্বাভাসের তুলনায় আয় কমতে পারে বলে জানিয়েছে ইউনাইটেড। এর আগে একই ধরনের পূর্বাভাস দিয়েছিল আরেক মার্কিন সংস্থা ডেল্টা এয়ারলাইনস।

ডেল্টা এয়ারলাইনস আরো জানিয়েছিল, উচ্চ খরচ ও এভিয়েশন শিল্পজুড়ে মূল্যছাড়ের কারণে দ্বিতীয় প্রান্তিকে মুনাফা ২৯ শতাংশ কমে গেছে। ওই সময় ডেল্টা ১৩১ কোটি ডলার আয় করেছে, যা এক বছর আগের একই সময়ের ১৮৩ কোটি ডলার থেকে উল্লেখযোগ্যভাবে কম।