ভারতের বৃহত্তম খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠান রিলায়েন্স শিগগিরই কয়েক ডজন মুদি দোকানসহ খাদ্যবহির্ভূত পণ্যের কয়েকটি ব্র্যান্ড কিনে নেয়ার পরিকল্পনা করেছে। ৬৫০ কোটি ডলার মূল্যের ব্যবসা খোলার পরিকল্পনা করছে রিলায়েন্স। ইউনিলিভারের মতো বিদেশী প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন প্রতিষ্ঠান রিলায়েন্স ৫০-৬০টি মুদি দোকানের পোর্টফোলিও তৈরির কথা ভাবছে। বর্তমানে আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে রিলায়েন্স। ব্যবসা থেকে আগামী পাঁচ বছরের মধ্যে ৫০ হাজার কোটি রুপি বা ৬৫০ কোটি ডলার সমপরিমাণ বার্ষিক বিক্রি হওয়ার প্রত্যাশা করছে সংস্থাটি। এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে রিলায়েন্স।

নতুন ব্যবসা পরিকল্পনার মাধ্যমে বিশ্বের শীর্ষ ভোক্তা প্রতিষ্ঠানগুলোর কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিতে যাচ্ছে ভারতীয় এ প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে নেসলে, ইউনিলিভার, পেপসি ও কোকা-কোলা। কয়েক দশক ধরেই এ প্রতিষ্ঠানগুলো উল্লেখযোগ্য পরিমাণে ব্যবসা করছে ভারতে। মার্চে সমাপ্ত অর্থবছরে ইউনিলিভারের ভারতীয় ইউনিটের বিক্রি ছিল ৬৫০ কোটি ডলার। সে স্থান দখল করে নেয়ার জন্য প্রস্তুত রিলায়েন্স।

এদিকে কয়েকটি ব্যক্তিগত লেবেল তৈরি করেছে রিলায়েন্স। নিজস্ব খুচরা ব্যবসায় চুক্তিবদ্ধ উৎপাদনকারীদের দিয়ে কোলা পানীয় ও নুডলসের প্যাকেট বিক্রি করা হয়। এ ব্যবসা থেকে বার্ষিক বিক্রিজনিত আয় মাত্র ৩ হাজার ৫০০ কোটি রুপি বা ৪৫ কোটি ডলার সমপরিমাণ।

রিলায়েন্সের সুপারমার্কেট কৌশল সম্পর্কে বরাবরই অস্বস্তিতে ভোগে বিদেশী প্রতিষ্ঠানগুলো। নতুন চুক্তি সফল হলে ৬৫০ কোটি ডলারের ব্যবসা খোলার পরিকল্পনা বাস্তবায়ন করবে রিলায়েন্স। এতে অন্যান্য শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হবে।