ডিমের সংকটের ব্যাপক প্রভাব পড়েছে জাপানের রেস্তোরাঁ শিল্পে। তালিকাভুক্ত ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৩০ শতাংশই তাদের খাদ্য তালিকায় কাটছাঁট এনেছে। উপকরণ হিসেবে ডিম রয়েছে এমন খাবার প্রস্তুত করা বাদ দিয়েছে তারা। খবর দ্য মাইনিচি।

বার্ড ফ্লু প্রাদুর্ভাবের কারণে দেশটিতে ডিমের ঘাটতি দেখা দিয়েছে। বেড়ে গেছে দামও। এ তথ্য জানিয়েছে স্থানীয় ক্রেডিট রিসার্চ ফার্ম টেইকোকু ডেটাব্যাঙ্ক লিমিটেড।

জরিপ অনুসারে, গত ৫ এপ্রিল পর্যন্ত ২৮টি রেস্তোরাঁ জায়ান্ট ডিম ব্যবহৃত হয় এমন চাইনিজ খাবার, প্যানকেক ও ডিম কাস্টার্ডসহ অন্যান্য আইটেম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে মার্চে করা সমীক্ষায় এমন রেস্তোরাঁর পরিমাণ ছিল ১৮টি। অর্থাৎ, পরিস্থিতি আগের মাসের চেয়ে খারাপ হয়েছে।

রেস্তোরাঁগুলো তাদের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়াতে খাদ্য তালিকায় পরিবর্তনের ব্যাখ্যাও দিয়েছে। মূল কারণ হিসেবে ডিমের তীব্র ঘাটতি ও বাড়ন্ত দামকে সামনে আনা হয়েছে।

অনেক প্রতিষ্ঠান প্রক্রিয়াজাত ডিমের পণ্য আমদানি ও বিকল্প মেনু তৈরি করে ঘাটতি পূরণের চেষ্টা করছেন। ধারণা করা হচ্ছে, দাম বৃদ্ধির কারণে মেনু পরিবর্তনের পদক্ষেপ আরো বাড়তে পারে।