৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ঘোষিত ১২ শতাংশ নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্সে (বিও) পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
আলোচ্য হিসাব বছরে এর বাইরে ১০ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছিল ব্যাংকটির পরিচালনা পর্ষদ, যা এর আগে বিতরণ সম্পন্ন করেছে ট্রাস্ট ব্যাংক। ২০২১ হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭৮ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল ২ টাকা ৫৪ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৫১ পয়সা। আগের বছর শেষে যা ছিল ২৪ টাকা ৮৮ পয়সা।
এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ট্রাস্ট ব্যাংক। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৮ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি। তার আগের হিসাব বছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।
এদিকে চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ২২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ২০ পয়সা।










