স্কয়ার গ্রুপের তালিকাভুক্ত দুই কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও স্কয়ার টেক্সটাইলস লিমিটেডের পর্ষদ পৃথকভাবে কোম্পানি দুটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে কোম্পানি দুটির নাম যথাক্রমে ‘‌স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’ ও ‘‌স্কয়ার টেক্সটাইলস পিএলসি’তে রূপান্তরিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

স্কয়ার ফার্মাসিউটিক্যালস: চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) স্কয়ার ফার্মাসিউটিক্যালসের নিট আয় হয়েছে ৪ হাজার ৮১৪ কোটি ৪১ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৪ হাজার ৩৭২ কোটি ২২ লাখ টাকা। তিন প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ হাজার ৪৯০ কোটি ৯৩ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১ হাজার ৪২১ কোটি ৫ লাখ টাকা। ‌আর চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির নিট আয় হয়েছে ১ হাজার ৫৮৮ কোটি ৭৪ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১ হাজার ৪৬৫ কোটি টাকা। আলোচ্য সময়ে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪২৮ কোটি ২৯ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৪৫৬ কোটি ৯৫ লাখ টাকা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৩ টাকা ৩৩ পয়সায়।

২০২১-২২ হিসাব বছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সমন্বিত ইপিএস হয়েছে ২০ টাকা ৫১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৭ টাকা ৯৯ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১১৬ টাকা ৭০ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১০২ টাকা ৫৪ পয়সায়। আলোচ্য হিসাব বছরের আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

স্কয়ার টেক্সটাইলস: চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে স্কয়ার টেক্সটাইলসের আয় হয়েছে ১ হাজার ১১৩ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১ হাজার ২৯৪ কোটি ৯২ লাখ টাকা। তিন প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮১ কোটি ৪৭ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১৪১ কোটি ৬ লাখ টাকা। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৩১১ কোটি ৫৫ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৪৯৯ কোটি ৮৩ লাখ টাকা। আলোচ্য সময়ে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৫ কোটি ৭৭ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৪৮ কোটি ৭৮ লাখ টাকা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৭ টাকা ২৫ পয়সা।

২০২১-২২ হিসাব বছরে স্কয়ার টেক্সটাইলসের সমন্বিত ইপিএস হয়েছে ৯ টাকা ৯৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৪১ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৬ টাকা ৬২ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৮ টাকা ৬৯ পয়সায়। আলোচ্য হিসাব বছরের আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।