১৬টি চীনা ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে ধাতব পণ্যটির আমদানিতে ৪ দশমিক ৪৩ থেকে ২৫ দশমিক ২২ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম সরকার। দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্তকে অ্যান্টি-ডাম্পিং শুল্ক হিসেবে বর্ণনা করেছে। ২৮ ডিসেম্বর থেকে পাঁচ বছরের জন্য এ শুল্ক কার্যকর থাকবে। খবর ব্লুমবার্গ।
ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ ডিসেম্বর থেকে পাঁচ বছরের জন্য কিছু কয়েল কিংবা কোল্ড-রোলড শিটস (সিআরএস) ইস্পাত পণ্যগুলোতে ভিয়েতনাম অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছে। ১ হাজার ৬০০ মিলিমিটারের কম প্রস্থ এবং শূন্য দশমিক ১০৮ মিলিমিটার থেকে ২ দশমিক ৫৫ মিলিটার পুরু কয়েলস কিংবা শিট ইস্পাতের ক্ষেত্রে এ শুল্ক কার্যকর হবে। দেশীয় ইস্পাত শিল্প রক্ষায় গত বছরের সেপ্টেম্বরে শুরু হওয়া মন্ত্রণালয়ের অ্যান্টি-ডাম্পিং তদন্ত শেষে এ শুল্ক আরোপের ঘোষণা দেয়া হলো।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চীন থেকে আমদানি করা কোল্ড-রোলড ইস্পাতের পরিমাণ ২ লাখ ৭২ হাজার ৭৩ টনে পৌঁছেছে। এটি দেশটিতে মোট কোল্ড-রোলড ইস্পাত আমদানির ৬৫ শতাংশ। আমদানির কারণে দেশীয় ইস্পাত উৎপাদন খাত যথেষ্ট হুমকির মুখে রয়েছে।
মুনাফা, ইনভেন্টরি ও বাজারের শেয়ারের মতো মূল সূচকগুলো দুর্বল অবস্থায় রয়েছে।










