গত মাসে ভারতের পরিশোধিত ইস্পাত রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ৫৩ শতাংশ কমেছে। রফতানি কমার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে কেন্দ্র সরকার আরোপিত রফতানি শুল্ক।
বিশ্লেষকরা বলছেন, রফতানি শুল্ক নিয়ে যখন ভারতের রফতানিকারকরা বিপাকে, ঠিক তখনই চীনের ইস্পাত ব্যবসায়ীরা তুলনামূলক কম দামে বিদেশী ক্রেতাদের কাছে ইস্পাত বিক্রি করছে। এ কারণে ভারতীয় ইস্পাতের তুলনায় ওই মাসে চীনের ইস্পাতের চাহিদা ছিল বেশি।
ইস্পাতবিষয়ক মন্ত্রণালয়ের দেয়া তথ্য বলছে, জুনে ভারত সব মিলিয়ে ৬ লাখ ৪০ হাজার টন পরিশোধিত ইস্পাত রফতানি করেছে। মার্চ থেকে শুরু টানা চার মাস নিম্নমুখী ধারায় ধাতব পণ্যটির রফতানি।
এদিকে শুধু বার্ষিক নয়, মাসভিত্তিক হিসাবেও রফতানি কমছে। এ বছরের মে মাসে দেশটি আট লাখ টন পরিশোধিত ইস্পাত রফতানি করেছে। সে হিসাবে রফতানি কমেছে ১ লাখ ৬০ হাজার টন।
অন্যদিকে ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে ভারত ২২ লাখ টন পরিশোধিত ইস্পাত রফতানি করে। গত বছরের একই সময় রফতানির পরিমাণ ছিল ৩৬ লাখ টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রান্তিকভিত্তিক রফতানি কমেছে ৪০ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্র বলছে, আন্তর্জাতিক বাজারে দুর্বল চাহিদা, অর্থনীতিতে মন্দার চাপ, চীনের কম দাম হাঁকানোর মতো বিষয়গুলো ভারতীয় মিলগুলোকে বিপাকে ফেলেছে।










