দেশের পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ মঙ্গলবার সূচকের মিশ্র প্রবণতা দেখা গিয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক কমলেও বেড়েছে আরেক পুঁজিবাজার চট্টগাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকগুলো।

আজ ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় প্রায় ৯০০ কোটি টাকা বেড়ে ১৫ বারের মতো ২৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। তবে সিএসইতে এদিন আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর পর থেকে বেলা ১টা পর্যন্ত সূচক ঊর্ধ্বমুখী ছিল। পরে অবশ্য শেয়ার বিক্রির চাপে সূচক কমতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমে ৬ হাজার ৫৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এদিন ৪ পয়েন্ট কমে ২ হাজার ৪০২ ও শরিয়াহ সূচক ডিএসইএস ৩ পয়েন্ট কমে ১ হাজার ৪৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১৫৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৪৫টি সিকিউরিটিজের বাজারদর। এদিন এক্সচেঞ্জটিতে ২ হাজার ৮৩২ কোটি ৩০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে আগের দিন ১ হাজার ৯৮৯ কোটি ৮৩ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল।

অন্যদিকে সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স আজ ৩৫ পয়েন্ট  বেড়ে ১১ হাজার ৬৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সব শেয়ারের সূচক সিএএসপিআই ৫৬ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৪৫০ পয়েন্টে  দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ৯৭টির আর অপরিবর্তিত ছিল ১০৬টির বাজারদর। সিএসইতে আজ ৪৯ কোটি  ৫৮ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্য দিবসে যা ছিল ৯৩ কোটি ৪৩ লাখ টাকা।