যুক্তরাষ্ট্রের মিশিগান, মিসৌরি এবং ওহাইও অঙ্গরাজ্যের কারখানাগুলোয় ৬ হাজার ২০০টি কর্মসংস্থান যোগ করার পরিকল্পনা নিয়েছে ফোর্ড। বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) উৎপাদন বাড়ানোসহ নতুন ডিজাইনের দুটি ইঞ্জিনের মডেল তৈরির জন্যই এ উদ্যোগ নিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। খবর এপি।
সম্প্রতি ফোর্ড জানিয়েছে, ২০২৬ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের তিনটি অঙ্গরাজ্যে মোট ৩৭০ কোটি ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে তিন হাজার অস্থায়ী কর্মীকে পূর্ণকালীন করা হবে। এতে বেতন বৃদ্ধিসহ অন্যান্য সুবিধাও পাবেন কর্মীরা।
এছাড়া পরিকল্পনার অংশ হিসেবে ক্লিভল্যান্ডের সন্নিকটে অবস্থিত ওহাইও অঙ্গরাজ্যের অ্যাভন লেকে একটি কারখানা সম্প্রসারণ করবে ফোর্ড। বাণিজ্যিকভাবে নতুন ইভি তৈরি করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এতে আরো ১ হাজার ৮০০টি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি ওহাইওর লিমা ও শারনভিলায় আরো ৯০টি কর্মসংস্থান তৈরি করা হবে। ওহাইও কারখানায় দশকের মাঝামাঝি সময়ের মধ্যে বাণিজ্যিকভাবে ইভি তৈরির পরিকল্পনার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ফোর্ড।
মিশিগান অঙ্গরাজ্যে ৩টি সংযোজন কারখানায় ২ হাজার কর্মসংস্থান যোগ করাও ফোর্ডের পরিকল্পনার অংশ। পাশাপাশি অন্যান্য কারখানায় ১ হাজার ২০০টি কর্মসংস্থান যোগ করা হবে।
২০২৬ সালের মধ্যে বৈশ্বিকভাবে ২০ লাখ ইভি তৈরির পরিকল্পনা রয়েছে ফোর্ডের। এ বিষয়ে ফোর্ড ব্লুর সভাপতি কুমার গালহোত্রা বলেন, ইভির বৈশ্বিক চাহিদার সঠিক মূল্যায়ন করতে পারেনি ফোর্ড। এর জন্য ইভিতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।
ফেডারেল রিজার্ভ ব্যাংক অব শিকাগোর নীতি উপদেষ্টা ক্রিস্টেন জিজেক বলেন, অন্যান্য গাড়ি নির্মাতাদের মতোই জীবাশ্ম জ্বালানিচালিত ইঞ্জিন ও ইভি তৈরির জন্য কর্মী নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে প্রতিষ্ঠানটিতে। যদিও গবেষণায় দেখা গেছে, ইভি তৈরিতে কর্মী সংখ্যা তুলনামূলক কম প্রয়োজন হয়। উত্তর আমেরিকায় বহু গাড়ি নির্মাতা সংস্থা অ্যাক্সেল, বৈদ্যুতিক মোটরের মতো ইভির বিভিন্ন যন্ত্রাংশ নিজেরাই তৈরি করছে। কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের কারণে সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা দেখা দেয়।
এর জের ধরেই এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানগুলো।
ক্রিস্টেন জিজেক বলেন, গাড়ি নির্মাতারা সম্প্রতি অস্থায়ী কর্মীদের পূর্ণকালীন চাকরিতে নিয়োগ দিচ্ছে। শ্রম বাজারে সংকটের মধ্যে বেতনের পরিমাণ বাড়িয়ে কর্মীদের আকর্ষণ করতেই এ উদ্যোগ নেয়া হচ্ছে।










