পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) পর্ষদ সভা এ বছরের ১০ অক্টোবর বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভায় সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) বিএসসিসিএলের আয় হয়েছে ৩১৭ কোটি ৮৯ লাখ টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে আয় ছিল ২৪৪ কোটি ১১ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৭৯ কোটি ৩৯ লাখ টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১২৪ কোটি ৭৫ লাখ টাকা। প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৮৮ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৭ টাকা ৫৭ পয়সা।










