পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা এমএ কাশেম শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তার কাছে ব্যাংকটির ৫০ লাখ ৪০ হাজারটি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে তিনি ১ লাখ ৪০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ৩১ অক্টোবরের মধ্যে ঘোষিত শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ও ব্লক মার্কেটে বিক্রি করবেন তিনি। ডিএসই সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৯ পয়সা। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির ইপিএস হয়েছে ৭৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৮২ পয়সা। চলতি বছরের ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ১ পয়সায়, গত বছরের একই সময় যা ছিল ২২ টাকা ৩৬ পয়সা। 

সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪৭ পয়সা।