চীনের ১৮৬টি খনিতে আকরিক লোহা উত্তোলন কমেছে বলে এক সমীক্ষার প্রতিবেদনে জানিয়েছে মাইস্টিল। ২৫ মার্চ পর্যন্ত দৈনিক উত্তোলন কমে দাঁড়ায় ৫ লাখ ৪ হাজার ৬০০ টনে, যা ১১ মাসের মধ্যে সর্বনিম্ন। সর্বশেষ সমীক্ষায় বলা হয়, ১৫ দিন ধরে চীনের কিছু অঞ্চলে আকরিক লোহা উত্তোলনে নিষেধাজ্ঞা ছিল বলেই এ ধাতুর মোট উত্তোলনের ওপর প্রভাব পড়েছে। খবর মাইস্টিল ও ব্লুমবার্গ।
১২ থেকে ২৫ মার্চ পর্যন্ত কয়লা উত্তোলন দৈনিক কমেছে ৫ হাজার ৫০০ টন বা ১ দশমিক ১ শতাংশ করে। অবশ্য সমীক্ষার আগে আকরিক লোহা উত্তোলন বাড়ছিল। কঠোর পরিবেশগত কারণে চীনে আকরিক লোহা উত্তোলন কমিয়ে দেয়া হয়েছে। নিষেধাজ্ঞার ফলে যে ইতিবাচক দিক বেরিয়ে এসেছে তা হলো খনি কোম্পানিগুলো এখন উচ্চমানের আকরিক লোহা উত্তোলন করছে।
ফাস্টমার্কেট এমবির মতে, সম্প্রতি স্পট আকরিক লোহার দাম ২ দশমিক ৭ শতাংশ কমে টনপ্রতি হয়েছে ১৫৭ দশমিক শূন্য ১ ডলার, যা ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন এবং এ কারণে এখন বিনিয়োগকারীরা বেশ সতর্কতা অবলম্বন করছেন।
বিশ্লেষকরা বলছেন, কার্বন নিঃসরণ কমাতে বাজারগুলো এখন অপেক্ষাকৃত উচ্চমানের আকরিক লোহা উত্তোলনকে সমর্থন করতে পারে। গত সপ্তাহে চীনের ইস্পাত তৈরির হাব ট্যাংকশানের নীতিনির্ধারকরা ঘোষণা করেছেন, কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে কিছু ইস্পাত কারখানা বছরজুড়েই উৎপাদন কমাবে। এ ঘোষণার ফলে দাম পড়ে গেলেও কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন, বাজার উৎপাদনকারীদের পক্ষেই থাকবে।










