বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) একটি প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তা কেন্দ্র স্থাপনের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরের (ডিপিডিটি) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ উদ্যোগের মাধ্যমে গবেষণা ও উদ্ভাবন জোরদার করার পাশাপাশি মেধাস্বত্বের সুরক্ষা নিশ্চিত করা হবে।
সমঝোতা স্মারক অনুযায়ী, ডিপিডিটি জাতীয় সমন্বয়কারী হিসেবে কাজ করবে এবং বৈশ্বিক পেটেন্ট তথ্যভাণ্ডারে প্রবেশাধিকার ও প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করবে। অন্যদিকে বিউএফটি প্রয়োজনীয় অবকাঠামো, জনবল ও পরিচালনার দায়িত্ব পালন করবে। এতে পেটেন্ট ডাটাবেজ ও প্রযুক্তিগত তথ্য ব্যবহারের মাধ্যমে একাডেমিক ও শিল্প খাতে উদ্ভাবনী সেবার প্রসার ঘটবে।
তিন বছর মেয়াদী এ চুক্তিতে একটি বিশেষ পর্যবেক্ষণ কাঠামো অন্তর্ভুক্ত রাখা হয়েছে। উভয় পক্ষের সম্মতিতে পরবর্তী সময়ে এ চুক্তির মেয়াদ বাড়ানো যাবে। এ কেন্দ্র স্থাপনের ফলে প্রযুক্তিগত তথ্যের বাণিজ্যিকীকরণ ও হস্তান্তরের পথ আরো সহজ হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, মনোনীত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান এবং ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইন উপস্থিত ছিলেন। ডিপিডিটির পক্ষে মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, পরিচালক ড. অশোক কুমার রায় ও উপপরিচালক মো. হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
—বিজ্ঞপ্তি










