ভারতে হোলসিম সিমেন্টের ব্যবসার একটি বড় অংশ কিনে নিয়েছে আদানি গ্রুপ। ১ হাজার ৫০ কোটি ডলারে প্যারেন্ট প্রতিষ্ঠানটির কাছ থেকে আম্বুজা সিমেন্টের এ অংশীদারত্ব কিনে নেয় ভারতীয় ধনকুবের গৌতম আদানির মালিকানাধীন গ্রুপটি। এর মধ্য দিয়ে গ্রুপটি দেশের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট প্রস্তুতকারক হিসেবে জায়গা করে নিয়েছে। খবর রয়টার্স।

আদানি গ্রুপ আম্বুজা সিমেন্ট লিমিটেডের ও সহযোগী সংস্থা এসিসির ৬৩ দশমিক ১৯ শতাংশ অংশীদারত্ব কিনে নিয়েছে। স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে আয়োজিত বিশালাকার নিলাম শেষে সংস্থাটি এ অংশীদারত্ব গ্রহণ করে।

বর্তমানে প্রচুর পরিমাণে কার্বন নিঃসরণ করা সিমেন্ট উৎপাদনের ওপর থেকে নির্ভরতা কমানোর চেষ্টা করছে সুইজারল্যান্ডভিত্তিক হোলসিম। তারই অংশ হিসেবে প্রতিষ্ঠানটি অংশীদারত্ব বিক্রির সিদ্ধান্ত নেয়। এ শিল্প খুব বেশি মাত্রায় কার্বন নিঃসরণ করে। সেজন্য অনেক পরিবেশ সচেতন বিনিয়োগকারী সংস্থাটিতে বিনিয়োগ করা নিয়ে নিরুৎসাহিত হচ্ছিল।

আম্বুজা ও এসিসির বার্ষিক সাত কোটি টন সিমেন্ট তৈরির সক্ষমতা ছিল। এটি ভারতের শীর্ষ সিমেন্ট প্রস্তুতকারক আল্ট্রাটেকের সক্ষমতার তুলনায় দ্বিতীয় অবস্থানে ছিল। সংস্থাটি বছরে ১২ কোটি টন সিমেন্ট উৎপাদন করতে পারে।

আদানি গ্রুপ বলেছে, সংস্থাটি উন্মুক্ত অফারে আরো কিছু শেয়ার অধিগ্রহণ করবে। ধারণা করা হচ্ছে ২০২২ সালের দ্বিতীয়ার্ধে গিয়ে এ লেনদেন সম্পূর্ণ হবে।

আদানি গ্রুপের প্রতিষ্ঠান আদানি এন্টারপ্রাইজের অধিভুক্ত দুটি সিমেন্ট প্রতিষ্ঠান রয়েছে। আদানি সিমেন্টেশন লিমিটেড গুজরাট ও মহারাষ্ট্রে পশ্চিমাংশে সমন্বিত সুবিধাসংবলিত কারখানা করার পরিকল্পনা করছে।

বর্তমানে আম্বুজা সিমেন্টের ১৪টি সিমেন্ট কারখানা রয়েছে, সেখানে ৪ হাজার ৭০০ মানুষ কাজ করে। এছাড়া এসিসির রয়েছে ১৭টি কারখানা। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর মোট ৭৮টি রেডিমিক্স কংক্রিট কারখানা রয়েছে। সেখানেও কাজ করে প্রায় ছয় হাজার মানুষ। এদিকে ২০১৫ সালে ফরাসি প্রতিদ্বন্দ্বী লাফার্জের সঙ্গে একীভূত হয় হোলসিম। এরপর এটাই হোলসিমের সবচেয়ে বড় বিক্রি বলে নিশ্চিত করেছে কয়েকটি সূত্র।