আন্তর্জাতিক বাজারে তামার দাম উত্তরোত্তর বাড়ছে। মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) সম্প্রতি ব্যবহারিক ধাতুটির দাম সাত মাসের বেশি সময়ের সর্বোচ্চে পৌঁছেছে। খবর বিজনেস রেকর্ডার।
এলএমইর মঙ্গলবার কার্যদিবস শেষে তিন মাসে সরবরাহ চুক্তিতে আগের দিনের তুলনায় ১৯ ডলার বেড়ে প্রতি টন তামা ৬ হাজার ১৭৪ ডলারে কেনাবেচা হয়েছে, যা ৮ মের পর সর্বোচ্চ। আগামী বছরে ধাতু পণ্যটির দাম আরো বাড়তে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
মূলত মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধ প্রশমনের আভাস মিলেছে। এর প্রভাব পড়েছে ধাতব পণ্যের বাজারে। খাতসংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন, আগামী বছরে বৈশ্বিক অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে। একই সঙ্গে শীর্ষ তামা ভোক্তা দেশ চীনের উৎপাদন খাতে চাঙ্গা ভাব ফিরবে। এতে দেশটিতে শিল্প ধাতুটির চাহিদা বাড়বে। এদিকে ব্যবহারিক ধাতুটির বৈশ্বিক উৎপাদন কমে আসার পূর্বাভাস করছেন বিশ্লেষকরা। ফলে বাজারে পণ্যটির সরবরাহ সংকটের আশঙ্কা করা হচ্ছে। আর এ কারণে আন্তর্জাতিক বাজারে তামার দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।









