আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) বন্ডের ট্রাস্টি চলতি বছরের ৫ জুলাই থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত ষষ্ঠ বছরের দ্বিতীয় অর্ধবার্ষিক মেয়াদের জন্য বার্ষিক সাড়ে ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে। অর্ধবার্ষিক সময়ের জন্য বন্ডধারীরা ৫ দশমিক ২৫ শতাংশ মুনাফা পাবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, কুপন-সংক্রান্ত রেকর্ড ডেট নিধারণ করা হয়েছে আগামী বছরের ৪ জানুয়ারি। রেকর্ড ডেট অনুযায়ী, বন্ডহোল্ডারদের তৃতীয় কিস্তির মূলধন অর্থাৎ মোট মূলধনের ২৫ শতাংশ নির্ধারিত কুপনসহ পরিশোধ করা হবে। রেকর্ড ডেটের পর থেকে বন্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য দাঁড়াবে ১ হাজার ২৫০ টাকায়।

বন্ডের ট্রাস্টি ষষ্ঠ বছরের প্রথমার্ধের (৫ জানুয়ারি ২০২৫ থেকে ৪ জুলাই ২০২৫) জন্য বার্ষিক সাড়ে ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে। অর্ধবার্ষিক সময়ের জন্য বন্ডধারীরা ৫ দশমিক ২৫ শতাংশ মুনাফা পেয়েছেন।

এর আগে পঞ্চম বছরের দ্বিতীয় অর্ধবার্ষিকে (২০২৪ সালের ৫ জুলাই থেকে ২০২৫ সালের ৪ জানুয়ারি পর্যন্ত) বন্ডহোল্ডারদের জন্য ১০ দশমিক ৫০ শতাংশ হারে কুপন রেট ঘোষণা করেছিল বন্ডটির ট্রাস্টি।

২০১৯ সালের নভেম্বরে বন্ড ইস্যুর মাধ্যমে ১০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করে আশুগঞ্জ পাওয়ার বন্ড। উত্তোলিত অর্থের মধ্যে ভূমি উন্নয়ন ও পূর্ত কাজের জন্য ৪৬ কোটি ৮০ লাখ, প্রাথমিক জ্বালানি কেনায় ৩০ কোটি, যানবাহন ক্রয়ে ৩ কোটি ৬০ লাখ, প্রকৌশলী ও পরামর্শক সেবার জন্য ৪ কোটি ৪০ লাখ, চলতি মূলধন বাবদ ১০ কোটি ৯৯ লাখ এবং প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) খরচ খাতে ৪ কোটি ২১ লাখ টাকা ব্যয় করার পরিকল্পনা ছিল।

আইপিওর বাইরে সে সময় প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে আরো ৫০০ কোটি টাকা সংগ্রহ করে কোম্পানিটি। প্রতিটি ৫ হাজার টাকা ইস্যু মূল্যের দুই লাখ নন-কনভার্টেবল ফুললি রিডিমেবল কুপন বিয়ারিং বন্ড আইপিওর মাধ্যমে ইস্যুর করে আশুগঞ্জ পাওয়ার বন্ড।