যুক্তরাষ্ট্রের তিন ব্যাংকে গত বছর সাড়ে ১৭ হাজারেরও বেশি জনবল কমেছে। ব্যাংক তিনটি হলো ওয়েলস ফার্গো (ডব্লিউএফসি.এন), ব্যাংক অব আমেরিকা (বিএসি.এন) ও সিটিগ্রুপ (সি.এন)। সম্প্রতি তিন ব্যাংকের প্রকাশিত চতুর্থ ত্রৈমাসিক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

গত বছর চুক্তির পরিমাণ হ্রাস এবং ঋণগ্রহীতাদের কাছ থেকে চাহিদা কমে যাওয়ায় ব্যাংকগুলো হয় কর্মী ছাঁটাই করেছে কিংবা যারা চলে গেছে তাদের জায়গায় নতুন করে নিয়োগ দেয়া হয়নি।

সার্বিকভাবে যুক্তরাষ্ট্রের অন্যান্য ব্যাংকের অবস্থাও ভালো না। বৃহত্তম ঋণদাতা হিসেবে পরিচিত জেপি মর্গান চেস (জেপিএম.এন) টানা তৃতীয় বছরের মতো র‍্যাংকিংয়ে নিজের অবস্থান আরো সংহত করতে ব্যর্থ হয়েছে।

ব্যাংক খাতের এ চ্যালেঞ্জ চলতি বছরও অব্যাহত থাকতে পারে বলে প্রতীয়মান হচ্ছে। কারণ হিসেবে বাণিজ্যিক রিয়েল এস্টেট খাতের দুর্বলতার বিষয়টি সামনে আসছে। এছাড়া মূলধনসংক্রান্ত প্রস্তাবিত কঠিন নিয়মকানুন ব্যাংকগুলোকে ঋণ দেয়া থেকে পিছিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করতে পারে।

অর্থনৈতিক অনিশ্চয়তা ব্যাংকের সঙ্গে চুক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলায় গত বছরও ওয়াল স্ট্রিটের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। যদিও এসঅ্যান্ডপি ৫০০ ব্যাংক ইনডেক্স (.এসপিএক্সবিকে) ২০২৩ সালে ৭ শতাংশ বেড়েছে। এতে ইনডেক্স ট্র্যাকিং ইন্ডাস্ট্রিয়াল (.এসপিএলআরসিআই) বা কনজিউমার ডিসক্রিশনারি (.এসপিএলআরসিডি) কোম্পানিগুলো কম পারফর্ম করেছে।

২০২৩ সালে সিটিগ্রুপের কর্মী সংখ্যা এক হাজার কমে ২ লাখ ৩৯ হাজারে নেমে আসে। একটি ব্যাপক পুনর্গঠনের পরিকল্পনা নেয় ঋণদাতা প্রতিষ্ঠানটি। এর আওতায় আগামী দুই বছরে ২০ হাজার কর্মী হ্রাসের একটি রূপরেখা প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রে আরো কিছু পরিবর্তনের পথে হাঁটছে প্রতিষ্ঠানটি।

ব্যাংক অব আমেরিকা ও ওয়েলস ফার্গোতে গত বছর জনবল যথাক্রমে প্রায় ২ ও ৫ শতাংশ সংকুচিত হয়েছে। তবে জেপি মরগানে ১৬ হাজার ২০০-এরও বেশি চাকরির সুযোগ তৈরি হয়েছে। ব্যাংকটি গত বছরের মে মাসে এক পুনরুদ্ধার চুক্তির আওতায় ঋণদাতা প্রতিষ্ঠান ফার্স্ট রিপাবলিক ব্যাংক কিনে নেয়।

গোল্ডম্যান স্যাকস (জিএস.এন) ও মরগান স্ট্যানলি (এমএস.এন) আগামী সপ্তাহে তাদের জনবলের হালনাগাদ তথ্য জানানোর কথা রয়েছে। গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত তারা এর আগের বছরের তুলনায় ৪ হাজার ৩০০-এরও বেশি জনবল কমিয়েছে। ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটের পর ২০২৩ সালের গোড়ার দিকে গোল্ডম্যান স্যাকস প্রতিষ্ঠানটিতে সবচেয়ে বড় আকারের ছাঁটাইয়ের ঘোষণা দেয়। 

গত অক্টোবরে জনবলের পেছনে ‘সুনির্দিষ্ট বিনিয়োগের’ কথা জানান ব্যাংকটির সিএফও ডেনিস কোলম্যান।