২১ লাখ কোটি ওন (১ হাজার ৬৫৪ কোটি ডলার) বিনিয়োগ করার পরিকল্পনা করছে হুন্দাই মোটর গ্রুপ। এ বিনিয়োগের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ব্যবসা বিস্তৃত করতে চাইছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
হুন্দাই মোটর ও কিয়া করপোরেশনের মালিকানা থাকা দক্ষিণ কোরীয় গ্রুপটি বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদন বাড়াতে চায়। সংস্থাটির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ইভির উৎপাদন বার্ষিক ১৪ লাখ ৪০ হাজার ইউনিটে উন্নীত করা।
একটি বিবৃতিতে হুন্দাই মোটর গ্রুপ জানিয়েছে, চলতি দশকের মধ্যে বিশ্বজুড়ে ইভির উৎপাদন বার্ষিক ৩২ লাখ ৩০ হাজার ইউনিটে উন্নীত করা হবে। এর মধ্যে ৪৫ শতাংশই উৎপাদিত হবে দক্ষিণ কোরিয়ায়।
ইভি ব্যবসা বিস্তৃত করার অংশ হিসেবে সংস্থাটি যুক্তরাষ্ট্রে ইভি উৎপাদন কারখানা স্থাপনেরও পরিকল্পনা করছে। দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে এ কারখানা স্থাপনে ৭৫০ কোটি ডলার বিনিয়োগ করবে হুন্দাই। কারখানাটিতে ৮ হাজার ৫০০ জনের কর্মসংস্থান তৈরি হবে।
গত বছর গ্রুপটি বলেছিল, ২০২৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে ইভি উৎপাদন বাড়াতে ৭৪০ কোটি ডলার বিনিয়োগ করবে হুন্দাই। নতুন ইভি কারখানা, বিদ্যমান কারখানা আধুনিকায়ন ও স্মার্ট মোবিলিটি সলিউশন প্রযুক্তিতে এ অর্থ ব্যয় করা হবে।










