উপসাগরীয় অঞ্চলে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে আরব আমিরাতের সুপারমার্কেট চেইন চৈথরাম। চেইনটি সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতারে নতুন স্টোরের পাশাপাশি অনলাইন শপিং পরিষেবা চালু করবে। সম্প্রতি প্রতিষ্ঠানটির সিইও রাজীব ওয়ারিয়র এ তথ্য জানিয়েছেন। খবর অ্যারাবিয়ান বিজনেস।

কোম্পানিটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এখন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে জানায়, ব্যাংক ঋণ ও অভ্যন্তরীণ তহবিল থেকে প্রস্তাবিত সম্প্রসারণ পরিকল্পনাটি অর্থায়ন করা হবে।

প্রতিষ্ঠানটির সিইও রাজীব ওয়ারিয়র বলেন, ‘‌আমরা শিগগিরই জিসিসি অঞ্চলের বাজারে সম্প্রসারণ কাজ শুরু করব। চলতি বছর সংযুক্ত আরব আমিরাতে চার-পাঁচটি নতুন স্টোর চালু করার পাশাপাশি বাহরাইন ও কাতারে তিনটি নতুন স্টোর চালু করা হবে।

তিনি আরো জানান, অনলাইনে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বাহরাইন ও কাতারে নতুন অনলাইন শপিং ওয়েবসাইট চালু করা হবে। এর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের অফিশিয়াল ওয়েবসাইটটি পুনরায় চালু করা হবে। যাতে সুবিধা হিসেবে থাকবে নতুন সব ফিচার ও লয়ালিটি প্রোগ্রাম।

গত বছর চৈথরাম সংযুক্ত আরব আমিরাতের ১০টি নতুন স্টোর চালু করেছিল। চৈথরাম নামে সংযুক্ত আরব আমিরাতে স্টোরগুলো পরিচালিত হলেও বাহরাইন ও কাতারে মেগামার্ট নামে স্টোরগুলো তাদের কার্যক্রম পরিচালনা করছে।

সিইও রাজীব ওয়ারিয়র আরো জানান, প্রতিষ্ঠানটির সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরজুড়ে কর্মচারী ও অংশীদারদের জন্য বিভিন্ন প্রোগ্রামের ব্যবস্থা করা হবে। পাশাপাশি নতুন কিছু কৌশলগত অংশীদারত্ব চুক্তিও করবে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি চৈথরাম যুক্তরাজ্যের সুপারমার্কেট সেইন্সবারির সঙ্গেও একটি অংশীদারত্ব চুক্তি করেছে। এখন থেকে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনের চৈথরামের স্টোরে সেইন্সবারির পণ্য বিক্রি করা হবে।

গ্রাহক চাহিদা ও বাজার প্রয়োজনীয়তার সঙ্গে মিল রেখে নতুন ই-কমার্সে বিনিয়োগ চেষ্টা করছে সুপারমার্কেট চেইনটি, যা সুপারমার্কেট চেইনটির সম্প্রসারণ পরিকল্পনাকে এগিয়ে নিতে সাহায্য করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এজন্য নতুন পদ্ধতিতে ই-কমার্স ও অনলাইনভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম বাড়ানোয় মনোনিবেশ করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া অবকাঠামোগত উন্নয়নে চৈথরাম বর্তমান ও ভবিষ্যতের চাহিদা মেটাতে নিজেদের পণ্য মজুদ ব্যবস্থা আরো শক্তিশালী করতে চায়।

ঠাকুরদাস চৈথরাম পাগারানী প্রতিষ্ঠিত সুপার মার্কেট চেইন চৈথরাম ৫০ বছর আগে সংযুক্ত আরব আমিরাতের তাদের প্রথম স্টোর চালু করে।