বাংলাদেশে বিওয়াইডি এর গাড়ি ক্রয়ে ঋণ সুবিধা গ্রহণ করলে প্রাইম ব্যাংক পিএলসির গ্রাহকরা বিশেষ সুবিধা পাবেন। বাংলাদেশে বিওয়াইডি এর অনুমোদিত পরিবেশক হলো সিজি রানার বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি ঢাকার তেঁজগাওয়ে বিওয়াইডি ফ্ল্যাগশিপ শো-রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সুবিধা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি।
চুক্তি অনুযায়ী, বিওয়াইডি গাড়ি কেনার সময় যদি গ্রাহকরা প্রাইম ব্যাংক থেকে গাড়ি কেনার ঋণ নেন, তাহলে তারা সিজি রানারের পক্ষ থেকে অতিরিক্ত সেবা পাবেন। ৩০ থেকে ৪০ লাখ টাকার ঋণে বিদ্যমান ফ্রি সার্ভিসের সঙ্গে আরো একটি অতিরিক্ত ফ্রি সার্ভিস যুক্ত হবে। আর ৪০ থেকে ৬০ লাখ টাকার ঋণে গ্রাহকরা অতিরিক্ত দুইটি ফ্রি সার্ভিস পাবেন।
চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী। বিওয়াইডি বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন চেয়ারম্যান হাফিজুর রহমান খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের এরিয়া প্রধান সাজিদ রহমান, বিওয়াইডি বাংলাদেশের পরিচালক প্রণয় কুমারসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
প্রাইম ব্যাংক জানায়, এ সহযোগিতার মাধ্যমে তাদের গ্রাহক ও কর্মীদের প্রিমিয়াম জীবনযাত্রা সুবিধা দেয়ার উদ্যোগ আরো শক্তিশালী হলো। এতে গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতা আরো সমৃদ্ধ হবে।
—বিজ্ঞপ্তি










