ইসরায়েলের ঋণমান বা ক্রেডিট রেটিং আউটলুক সংশোধন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি এসঅ্যান্ডপি গ্লোবাল। গতকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) জানানো হয়, ‘স্থিতিশীল’ অবস্থা থেকে ইসরায়েলের ঋণমানে ‘নেতিবাচকে’ অবনমন ঘটেছে।

হামাসের সঙ্গে চলমান সংঘাতের কারণে ইসরায়েলে বিনিয়োগ ঝুঁকি তৈরি হয়েছে বলে জানায় সংস্থাটি। অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতিতে এ প্রভাব আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

এর আগে গত সপ্তাহে আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী অপর সংস্থা ফিচ রেটিংস ইসরায়েলের অর্থনীতিতে নেতিবাচক ঋণমানের পূর্বাভাস দেয়।

এসঅ্যান্ডপি তাদের বিবৃতিতে বলছে, আমরা ধরে নিচ্ছি যে সংঘাত গাজা কেন্দ্রিক থাকবে ও তিন থেকে ছয় মাসের বেশি চলবে না। বিরোধের সমাধান হলেই স্থিতিশীল অবস্থার দিকে যাবে ঋণমান।

সঙ্গে জানায়, ইসরায়েলের ওপর আন্তর্জাতিক সমর্থন সামষ্টিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব কিছুটা প্রশমিত করতে পারে।