ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সালাম ওবায়দুল করিম পঞ্চম দফায় কোম্পানিটির ৪ লাখ ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। বিএসইসির (উল্লেখযোগ্যসংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক অথবা পাবলিক মার্কেটের বিদ্যমান বাজারদরে ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার কিনবেন তিনি। ডিএসই সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে সালাম ওবায়দুল করিম প্রথম দফায় ৩ লাখ ৩৩ হাজার, দ্বিতীয় দফায় ৩ লাখ ৫০ হাজার, তৃতীয় দফায় ৪ লাখ ৪০ হাজার ও চতুর্থ দফায় ৪ লাখ ৪০ হাজার শেয়ার কিনেছেন।

২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৬৫ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৩ কোটি ৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৫০ লাখ ২২ হাজার ৭৯৩। এর ২৫ দশমিক ১৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ১৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬৫ দশমিক ৬৪ শতাংশ শেয়ার রয়েছে।

আর্থিক প্রতিবেতদন অনুসারে চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৭০ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের ইপিএস হয়েছে ৫৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬৬ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৫৭ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৯ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ২৪ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের ইপিএস হয়েছে ১ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৮ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৯৩ পয়সায়।

সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল বি’ ও স্বল্পমেয়াদে ‘এসটি থ্রি’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।