বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিং মিলস পিএলসির ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এএ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-২’। কোম্পানিটির সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং প্রকাশের দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (ক্রিসল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে মালেক স্পিনিংয়ের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬২ টাকা ৫২ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে মালেক স্পিনিংয়ের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৭ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৩৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৬০ টাকা ৬৩ পয়সায়।