ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘গ্লোবাল মিডিয়া ও ইনফরমেশন লিটারেসি’ উদ্‌যাপন। বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগের উদ্যোগে গত ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ কর্মসূচি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। এতে সহযোগিতা করছে ইউনেস্কো ঢাকা অফিস এবং মিডিয়া ও ইনফরমেশন লিটারেসি নেটওয়ার্ক বাংলাদেশ।

সপ্তাহব্যাপী এ আয়োজনে রয়েছে র‍্যালি, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, সচেতনতামূলক অনুষ্ঠান ও বিশেষজ্ঞদের আলোচনা। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘ইন্টিগ্রেশন অফ মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি ইন হায়ার এডুকেশন’ বিষয়ক এক প্যানেল আলোচনা।

আলোচনায় প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। এতে আরো বক্তব্য দেন ইউনেস্কো বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. সুসান ভাইজ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক।

বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে মিডিয়া ও তথ্য সাক্ষরতা গুরুত্বপূর্ণ। এটি মানুষের সমালোচনামূলক চিন্তাশক্তি বাড়ায়, প্রযুক্তির নৈতিক ব্যবহার নিশ্চিত করে এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। তারা আরো বলেন, বিভ্রান্তিমূলক তথ্য, ভুল তথ্য ও অসৎ তথ্যের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করতে হলে শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা উন্নত করা প্রয়োজন।

আলোচনায় স্থানীয় ও আন্তর্জাতিকভাবে শক্তিশালী নেটওয়ার্ক ও সহযোগিতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন বক্তারা, যাতে দেশের মিডিয়া ও তথ্য সাক্ষরতার পরিবেশ আরো শক্তিশালী হয়। অনুষ্ঠানে শিক্ষক, তথ্য পেশাজীবী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

—বিজ্ঞপ্তি