চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের হিসাব বছরেরর একই সময়ের তুলনায় পুঁজিবাজারে তালিকাভুক্ত সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের কর-পরবর্তী নিট লোকসান বেড়েছে প্রায় ৬ শতাংশ। বস্ত্র খাতের কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে সমতা লেদার কমপ্লেক্সের কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ২ লাখ ২১ হাজার টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ লাখ ৯ হাজার টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট লোকসান বেড়েছে ৫ দশমিক ৭৪ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ২৮ পয়সায়, আগের হিসাব বছরের একই সময়ে শেষে যা ছিল ১৪ টাকা ৩৪ পয়সা।
লোকসানের কারণে সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি সমতা লেদার কমপ্লেক্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৭ লাখ টাকা। আগের হিসাব বছরে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছিল ১১ লাখ টাকা। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১০ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৪ টাকা ৩২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৪ টাকা ৩৯ পয়সা।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের শূন্য দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সমতা লেদার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১০ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৯ পয়সা।
৩০ জুন সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি সমতা লেদার। ২০১৮-১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। লোকসানের কারণে আগের তিন হিসাব বছরে কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি।
১৯৯৮ সালে পুঁজিবাজারে আসা কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১০ কোটি ৩২ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৪ কোটি ৪৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৩ লাখ ২০ হাজার।










